ছোট ব্যবসায় এবার বড় জোর! ১০,০০০ কোটির এই ফান্ডে ঠিক কী সুবিধা পেতে পারে সংস্থাগুলি?

ক্ষুদ্র ও মাঝারি সংস্থাগুলির জন্য বড় সিদ্ধান্ত কেন্দ্রের। ১০,০০০ কোটি টাকার SME Growth Fund-এ অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। দেশের ছোট ও মাঝারি ব্যবসাগুলিকে আরও শক্তিশালী করা এবং ভবিষ্যতের বাজারে প্রতিযোগিতায় টিকে থাকার মতো করে গড়ে তুলতেই এই ফান্ডের পরিকল্পনা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে হওয়া কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই সিদ্ধান্তের কথা জানান। চলতি বছরের বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই SME Growth Fund-এর ঘোষণা করেছিলেন।

কেন্দ্রের পরিকল্পনা অনুযায়ী, এই ফান্ডের মাধ্যমে নির্দিষ্ট মানদণ্ড পূরণ করা সংস্থাগুলিকে ইক্যুইটি সাপোর্ট দেওয়া হবে। অর্থাৎ, ছোট ও মাঝারি ব্যবসাগুলির মূলধনের জোগান আরও শক্তিশালী করার সুযোগ তৈরি হবে। এর পাশাপাশি নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করলে সংস্থাগুলি ইনসেন্টিভও পেতে পারে।

কেন্দ্রের লক্ষ্য শুধু ব্যবসায় টাকা ঢালা নয়। উৎপাদনশীলতা বাড়ানো, প্রতিযোগিতার ক্ষমতা বাড়ানো এবং আন্তর্জাতিক বাজারের দ্রুত বদলের সঙ্গে তাল মিলিয়ে চলার মতো সক্ষমতা তৈরি করাই এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

বিশেষ করে বিশ্ব অর্থনীতিতে যখন একের পর এক পরিবর্তন দেখা যাচ্ছে, তখন দেশের ছোট ও মাঝারি সংস্থাগুলিকে আরও শক্তিশালী করে তোলার উপর জোর দিচ্ছে কেন্দ্র। সরকারের দাবি, এর ফলে অর্থনৈতিক বৃদ্ধিকে আরও দ্রুত এবং দীর্ঘমেয়াদে টেকসই করার ক্ষেত্রে সাহায্য মিলবে।

তবে শুধু SME Growth Fund নয়, একই ক্যাবিনেট বৈঠকে পরিবহণ ও লজিস্টিকস ক্ষেত্রেও বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনুমোদন পেয়েছে Integrated Transport and Logistics Authority বা ITLA তৈরির প্রস্তাব।

এই নতুন কর্তৃপক্ষের মূল কাজ হবে দেশের পরিবহণ ও লজিস্টিকস ব্যবস্থাকে আরও ভালোভাবে পরিকল্পনা ও সমন্বয় করা। সড়ক, রেল, বন্দর, বিমান পরিষেবা, অভ্যন্তরীণ জলপথ, শহরের পরিবহণ এবং উপকূলীয় শিপিং—একাধিক ক্ষেত্রকে একই পরিকল্পনার আওতায় আনার লক্ষ্য রয়েছে।

৫০০ কোটি টাকা বা তার বেশি খরচের সরকারি পরিকাঠামো প্রকল্পও মূল্যায়ন করবে এই কর্তৃপক্ষ। পাশাপাশি বিভিন্ন পরিবহণ প্রকল্পের কাজ কতটা এগোচ্ছে, কোথায় সমস্যা হচ্ছে এবং কীভাবে সেই সমস্যা দ্রুত সমাধান করা যায়, সেদিকেও নজর থাকবে।

শুধু তাই নয়, প্রকল্প শেষ হওয়ার পর তার বাস্তব প্রভাবও মূল্যায়ন করা হবে। দীর্ঘমেয়াদি পরিবহণ পরিকল্পনা তৈরি থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রক ও সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানো—ITLA-র একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকবে।

পরিবহণ ব্যবস্থাকে আরও তথ্যনির্ভর করতে FASTag, GPS, Vahan, GSTN-এর ই-ওয়ে বিল এবং শহরের ট্রাফিক সংক্রান্ত তথ্য একসঙ্গে ব্যবহার করার পরিকল্পনাও রয়েছে। পণ্য পরিবহণের গতিবিধি বুঝতে ফ্রেট-ফ্লো এবং Origin-Destination Analysis-এর মতো তথ্যও কাজে লাগানো হবে।

অর্থাৎ, একদিকে ১০,০০০ কোটি টাকার SME Growth Fund, অন্যদিকে পরিবহণ ও লজিস্টিকস ব্যবস্থায় নতুন কর্তৃপক্ষ—কেন্দ্রীয় ক্যাবিনেটের এই দুই সিদ্ধান্ত দেশের ব্যবসা এবং পরিকাঠামো ক্ষেত্রে বড় পরিবর্তনের লক্ষ্যে নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *