দুর্গাপুজোয় ১০ লক্ষ টাকা জেতার সুযোগ! কনটেন্ট ক্রিকেটরদের জন্য দুর্দান্ত সুযোগ

দুর্গাপুজো মানেই শুধু পুজো, প্যান্ডেল আর প্রতিমা নয়। দুর্গাপুজো মানে বাংলার ঐতিহ্য, শিল্প, সংস্কৃতি, মানুষের আবেগ এবং একসঙ্গে আনন্দ করার উৎসব। এই সমস্ত দিককে বিশ্বের দরবারে তুলে ধরতেই সামনে এসেছে ‘দুর্গা পুজো ক্রিয়েটর্স চ্যালেঞ্জ ২০২৬’। এই উদ্যোগে ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে ফটোগ্রাফার এবং সাধারণ নাগরিকরাও অংশ নেওয়ার সুযোগ পেতে পারেন। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, প্রতিযোগিতায় মোট পুরস্কারমূল্য ১০ লক্ষ টাকা! আপনি যদি ফটোগ্রাফি ভালোবাসেন, সোশ্যাল মিডিয়ায় রিল তৈরি করেন, কিংবা নিজের এলাকার পুজোর বিশেষত্ব তুলে ধরতে চান, তাহলে এই সুযোগ আপনার জন্যও হতে পারে।

প্রথম বিভাগটির নাম ‘দশশক্তি’। মা দুর্গার দশটি অস্ত্র এবং বিভিন্ন প্রতীকের মাধ্যমে বাংলার শক্তি, অগ্রগতি ও সংস্কৃতিকে তুলে ধরতে হবে এই বিভাগে। যেমন—ত্রিশূল, খড়্গ, চক্র কিংবা বজ্রের মতো প্রতীককে কাজে লাগিয়ে আপনি তৈরি করতে পারেন অভিনব ছবি অথবা রিল। ধরুন, আপনি এমন একটি ভিডিও তৈরি করলেন, যেখানে মা দুর্গার শক্তির প্রতীকের সঙ্গে বাংলার শিল্প, মানুষের সাহস এবং উন্নয়নের ছবি তুলে ধরলেন। আপনার সৃজনশীলতাই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে মনে রাখবেন, কনটেন্টটি হতে হবে আপনার নিজের তৈরি এবং প্রতিযোগিতার নিয়ম মেনে তৈরি করা।

এবার আসা যাক দ্বিতীয় বিভাগে, যার নাম ‘স্বচ্ছ প্যান্ডেল নেবারহুড’। এই বিভাগে গুরুত্ব দেওয়া হবে পরিচ্ছন্নতা, পরিবেশ সচেতনতা এবং এলাকার মানুষের সম্মিলিত উদ্যোগকে।আপনার এলাকার পুজোমণ্ডপ কি প্লাস্টিকের ব্যবহার কমানোর চেষ্টা করছে? কোথাও কি পরিচ্ছন্নতা অভিযান চলছে? আবার কোনও পুজো কমিটি কি পরিবেশবান্ধব সাজসজ্জা কিংবা সবুজ উদ্যোগ নিয়েছে? এই সমস্ত ভালো কাজ ক্যামেরাবন্দি করে তুলে ধরতে পারেন নিজের ভিডিওতে। শুধু পুজোর সৌন্দর্য দেখালেই হবে না, বরং পুজোর মাধ্যমে কীভাবে পরিবেশ এবং এলাকার উন্নতি হচ্ছে, সেটাও দেখাতে হবে। তবে এই বিভাগে একটি গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে, AI দিয়ে তৈরি কনটেন্ট গ্রহণ করা হবে না। তাই বাস্তব দৃশ্য এবং নিজের তৈরি মৌলিক কনটেন্টের উপরেই গুরুত্ব দিন।

এবার তৃতীয় বিভাগ, যার নাম ‘শঙ্খধ্বনি’।
দুর্গাপুজোর সঙ্গে শঙ্খধ্বনির সম্পর্ক কতটা গভীর, তা আর নতুন করে বলার প্রয়োজন নেই। এই বিভাগে আপনাকে এক নিঃশ্বাসে শঙ্খ বাজানোর আসল মুহূর্তের একটি নিরবচ্ছিন্ন ভিডিও রিল তৈরি করতে হবে। তাই আপনার যদি শঙ্খ বাজানোর দক্ষতা থাকে, তাহলে এই বিভাগে অংশ নেওয়ার কথা ভাবতেই পারেন। কীভাবে অংশ নেবেন এই প্রতিযোগিতায়? প্রথম ধাপে, উপরের তিনটি বিভাগের মধ্যে আপনার পছন্দের একটি বিভাগ বেছে নিন। দ্বিতীয় ধাপে, সেই বিভাগের নিয়ম অনুযায়ী নিজের মৌলিক ছবি অথবা ভিডিও তৈরি করুন। তৃতীয় ধাপে, নিজের পাবলিক ইনস্টাগ্রাম অথবা ফেসবুক অ্যাকাউন্টে সেই কনটেন্ট পোস্ট করুন।

পোস্ট করার সময় @durgapujawb অ্যাকাউন্টটিকে ট্যাগ করতে হবে। পাশাপাশি, নির্দেশিকা অনুযায়ী ওই অ্যাকাউন্টে কোলাবরেশন রিকোয়েস্ট পাঠাতে হবে। এরপর চতুর্থ ধাপে, আপনার পোস্ট বা ভিডিওর নির্দিষ্ট লিঙ্ক জমা দিতে হবে প্রতিযোগিতার ওয়েবসাইটে। ওয়েবসাইটটি হলো—durgapujawb.com। তবে একটা কথা অবশ্যই মনে রাখবেন, অংশ নেওয়ার আগে সরকারি ওয়েবসাইটে দেওয়া সম্পূর্ণ নিয়মাবলি ভালোভাবে পড়ে নেবেন। এই প্রতিযোগিতায় মোট ১০ লক্ষ টাকার পুরস্কারমূল্য রয়েছে। পাশাপাশি, অংশগ্রহণকারীদের শংসাপত্র পাওয়ার সুযোগের কথাও জানানো হয়েছে। কে কত টাকা পাবেন, কতজন পুরস্কার পাবেন এবং বিজয়ী নির্বাচনের নিয়ম কী, এই সমস্ত তথ্য সরকারি নির্দেশিকা থেকেই যাচাই করে নিন।
কোনও অচেনা লিঙ্কে ব্যক্তিগত তথ্য দেবেন না এবং পুরস্কার পাওয়ার নামে কেউ টাকা চাইলে সতর্ক থাকবেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *