ভারতের জনগণনা প্রক্রিয়ার ইতিহাস ১৫০ বছরেরও বেশি। সেখানে এবার আসছে বড় প্রযুক্তিগত পরিবর্তন। ২০২৭ সালের জনগণনার জন্য প্রথমবার চালু হল ডিজিটাল এনুমারেশন বা স্বগণনা ব্যবস্থা। আর এই ব্যবস্থার সূচনা করলেন স্বয়ং দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বুধবার রাষ্ট্রপতি ভবনে নিজের তথ্য নিজেই ডিজিটালি নথিভুক্ত করে তিনি এই নতুন প্রক্রিয়ার আনুষ্ঠানিক সূচনা করেন। দেশের প্রথম নাগরিক হিসেবে রাষ্ট্রপতির এই পদক্ষেপ ডিজিটাল ইন্ডিয়া গড়ার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
এই প্রথমবার ভারতে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে জনগণনা পরিচালিত হতে চলেছে, যা তথ্যের নির্ভুলতা এবং দ্রুত সংগ্রহের ক্ষেত্রে বড় পরিবর্তন আনবে। রাষ্ট্রপতির এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেশবাসীকে অনলাইন পোর্টালে তথ্য নথিভুক্ত করতে উৎসাহিত করবে বলে মনে করা হচ্ছে। এবার আর শুধু গণনাকারী বাড়ি বাড়ি গিয়ে তথ্য নেবেন না,
নাগরিকরাই নিজের তথ্য অনলাইনে নিজে আপলোড করতে পারবেন। দেশের প্রথম নাগরিক নিজে অংশ নেওয়ায় সাধারণ মানুষের মধ্যে আস্থা বাড়বে। নতুন প্রযুক্তি ব্যবহারে উৎসাহ তৈরি হবে।
রাষ্ট্রপতি যখন পোর্টালে নিজের বিবরণ পূরণ করছিলেন, সেই সময় সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন। এছাড়াও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার জেনারেল এবং জনগণনা দফতরের কমিশনার মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ। প্রশাসনিক কর্মকর্তাদের তত্ত্বাবধানে নির্বিঘ্নে এই প্রক্রিয়া সম্পন্ন হয়। আধুনিক প্রযুক্তির ব্যবহারে জনগণনা প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও শক্তিশালী করে তোলাই এই নতুন পদক্ষেপের মূল লক্ষ্য। রাষ্ট্রপতির হাত ধরে শুরু হওয়া এই প্রক্রিয়া আগামী দিনে দেশের জনতাত্ত্বিক মানচিত্র তৈরিতে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে।
এই প্রথমবার স্মার্টফোনেই সব ডেটা সংগ্রহ ও সাবমিট করতে পারবেন এনুমারেটররা। অতীতের মতো কাগজের নথিপত্র নিয়ে ঝক্কি নেই। পাশাপাশি বাংলা সহ ১৬টি ভাষায় সেল্ফ এনুমারেশন করতে পারবেন মোবাইলে অ্যাপের মাধ্যমে। মোবাইল নম্বর দিয়ে লগ ইন করে সব তথ্য নিজেরাই দিতে পারবেন ভারতে বসবাসকারীরা। একটি ইউনিক সেল্ফ এনুমারেশন আইডি ক্রিয়েট হবে। এটা ডিজিটাল হলে সরকারি পরিকল্পনা, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা সব ক্ষেত্রেই সিদ্ধান্ত নেওয়া আরও নির্ভুল হবে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিবর্তন শুধু জনগণনাতেই সীমাবদ্ধ নয়। ভবিষ্যতে
স্মার্ট সিটি পরিকল্পনা সামাজিক কল্যাণ প্রকল্প, জনসংখ্যা বিশ্লেষণ সব ক্ষেত্রেই এই ডেটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
