অন্নপূর্ণার টাকা ঢুকতেই মসজিদের মাইকে উৎসবের ডাক!আউসগ্রামে আনন্দে মাতলেন মুসলিম মহিলারা

পূর্ব বর্ধমানের আউসগ্রাম বিধানসভার উত্তর বটগ্রাম অঞ্চলের ঘটনা। স্থানীয় সূত্রের দাবি, দীর্ঘদিন ধরে অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়ার অপেক্ষায় ছিলেন এলাকার বেশ কিছু মহিলা। এরপর গত শনিবার তাঁদের মধ্যে অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ঢোকে ৩ হাজার টাকা। টাকা অ্যাকাউন্টে ঢোকার খবর ছড়িয়ে পড়তেই দেখা যায় খুশির ছবি। কেউ একে অপরকে মিষ্টি খাওয়াচ্ছেন, কেউ লাড্ডু বিতরণ করছেন, আবার কোথাও গেরুয়া আবিরে রীতিমতো রঙ খেলায় মেতে উঠেছেন মহিলারা। সব মিলিয়ে যেন উৎসবের আমেজ। আর এই আনন্দের অনুষ্ঠানে আরও একটি বিষয় নজর কাড়ে। স্থানীয়দের একত্রিত করার জন্য ব্যবহার করা হয় মসজিদের মাইক। মাইকে ঘোষণা শুনে এলাকার মহিলারা জড়ো হন। এরপরই শুরু হয় আনন্দ উদযাপন।

বঙ্গ বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসতেই মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনায় মাসে ৩,০০০ টাকা আর্থিক সহায়তার ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই রাজ্যের অসংখ্য মহিলা এই সরকারি ভাতার সুবিধা পাচ্ছেন। আর এবার অন্নপূর্ণা যোজনার এক ভিন্ন ছবি দেখা গেল পূর্ব বর্ধমান জেলার আউসগ্রাম বিধানসভার উত্তর বটগ্রাম অঞ্চলে। গত শনিবার, সেখানকার সংখ্যালঘু মুসলিম মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা ঢুকেছিল। আর সেই আনন্দে রীতিমত গেরুয়া উৎসব পালন করলেন তাঁরা।

সরকারি যোজনার টাকা পেয়ে নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক মুসলিম মহিলা জানিয়েছেন, “আমরা খুব খুশি, শুভেন্দু অধিকারীর সরকার যে এইভাবে আমাদের পাশে থেকেছেন, তার জন্য আমরা খুবই আপ্লুত। আশা রাখছি ভবিষ্যতেও আমাদের পাশে থাকবেন।” অন্যদিকে আবার অনেক হিন্দু মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা জমিয়ে গ্রামে গ্রামে দুর্গাপুজোর আয়োজন করেছেন, যার মধ্যে অন্যতম হল হুগলির পাণ্ডুয়ার সিমলাগড় গোয়ারা হাটপুকুর গ্রাম। প্রত্যেক বছর ধুমধাম করে কালীপুজো হলেও হত না দুর্গাপুজো। তবে এবার গ্রামের মহিলারা গত দু’-তিন মাসের অন্নপূর্ণা যোজনার জমানো টাকা দিয়েই পালন করবেন অনুষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *