ঘটনার সূত্রপাত ২০১৩ সালের ৯ এপ্রিল। সেদিন দিল্লির তৎকালীন যোজনা কমিশনের বার্ষিক বৈঠকে যোগ দিতে রাজধানীতে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন তৎকালীন অর্থমন্ত্রী অমিত মিত্র। কিন্তু সেই দিনই দিল্লির রাজপথে তৈরি হয়েছিল ব্যাপক উত্তেজনা। কলকাতায় পুলিশের হেফাজতে এসএফআই নেতা সুদীপ্ত গুপ্তের মৃত্যুর প্রতিবাদে দিল্লিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন সিপিআইএম এবং এসএফআইয়ের নেতা-কর্মীরা। সেই বিক্ষোভকে কেন্দ্র করেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
দিল্লি পুলিশের অভিযোগ, বিক্ষোভ চলাকালীন সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়া, বলপ্রয়োগ, স্বেচ্ছায় আঘাত, বেআইনি জমায়েত এবং দাঙ্গার মতো ঘটনা ঘটে। এই ঘটনায় ২০১৩ সালের ৯ এপ্রিল দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় দায়ের হয় এফআইআর। এসএফআইয়ের তৎকালীন সর্বভারতীয় সাধারণ সম্পাদক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সহ মোট ছয়জনকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। যদিও পরে পাতিয়ালা হাউস কোর্টে পেশ করা হলে ধৃতেরা জামিন পেয়ে যান। আর সেই ১৩ বছরের পুরনো মামলাতেই এবার নতুন করে সক্রিয় দিল্লি পুলিশ।
সোমবার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছন দিল্লি পুলিশের পার্লামেন্ট স্ট্রিট থানার আধিকারিকরা। সেখানে পৌঁছে দেওয়া হয় একটি নোটিস। নোটিসে জানানো হয়েছে, তদন্তের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারী আধিকারিকরা। শুধু বাড়িতেই নয়, প্রয়োজনে তাঁর অফিস বা অন্য কোনও জায়গাতেও জিজ্ঞাসাবাদ করা যেতে পারে। তার জন্য নির্দিষ্ট সময় ও স্থান জানাতে বলা হয়েছে বলে খবর। তবে এই নোটিস ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা।
তবে দিল্লি পুলিশের নোটিসের পাশাপাশি এবার নতুন করে বিতর্ক তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী হলফনামা ঘিরেও।
এই বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশের নোটিস পৌঁছনোর বিষয়ে তাঁর কিছু জানা নেই। কিন্তু সেখানেই থামেননি তিনি।
শুভেন্দুর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর হলফনামায় একাধিক তথ্য গোপন করেছেন। তাঁর দাবি, একাধিক প্রার্থী স্ক্রুটিনির সময় এই বিষয়ে অভিযোগ জানিয়েছিলেন। সেই অভিযোগ রিটার্নিং অফিসারের কাছেও জমা পড়েছিল এবং তা খারিজ করা হয়নি বলে দাবি শুভেন্দুর। শুভেন্দুর বক্তব্য অনুযায়ী, এই অভিযোগের ভিত্তিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা হতে পারে। এমনকী পরিস্থিতি অনুযায়ী তাঁর মনোনয়নও বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে বলে দাবি করেছেন তিনি।
অন্যদিকে, এই গোটা বিষয় নিয়ে তৃণমূল শিবিরেও তৈরি হয়েছে প্রশ্ন। তৃণমূল নেতা তথা সাংসদ সৌগত রায়ের বক্তব্য, ২০১৩ সালে ঠিক কী মামলা হয়েছিল, তা তাঁর জানা নেই। কেন দিল্লি পুলিশ এসেছে, সেটাও তিনি বুঝতে পারছেন না। অন্যদিকে বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকারের বক্তব্য, মামলা ২০১৩ সালের হোক বা ২০০৩ সালের, যদি কোনও মামলা চলতে থাকে এবং তদন্তকারী সংস্থার মনে হয় কাউকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, তাহলে দেশের আইন অনুযায়ী তাঁকে ডাকা যেতেই পারে।