৫ টাকায় শুধু মাছ-ভাত নয়, মিলবে সাত্ত্বিক আহারও! বৈষ্ণবদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কোথায় চালু হচ্ছে এই বিশেষ ব্যবস্থা?

মাত্র পাঁচ টাকায় পেট ভরে খাবার! এতদিন মা আহার প্রকল্পে পাঁচ টাকায় ভাত, মাছ-সহ রান্না করা খাবার পাওয়া যেত। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে সাত্ত্বিক নিরামিষ আহারও। বৈষ্ণব ধর্মাবলম্বীদের কথা মাথায় রেখে নতুন এই উদ্যোগের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু খাবারের মেনুতেই পরিবর্তন নয়, রাজ্যজুড়ে আরও ৫০০টি মা আহার কেন্দ্র চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে কলকাতার পাশাপাশি এবার জেলার বিভিন্ন প্রান্তেও স্বল্পমূল্যে খাবার পাওয়ার সুযোগ বাড়তে চলেছে।

সোমবার নিউটাউনে আয়োজিত গৌরি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। মহিলা স্বনির্ভর গোষ্ঠীর তৈরি বিভিন্ন সামগ্রী, পোশাক, খাবার, মশলা এবং ঘর সাজানোর জিনিস নিয়ে এই মেলার আয়োজন করা হয়েছে। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে মহিলাদের আর্থিক স্বনির্ভরতা এবং সাধারণ মানুষের সুলভে খাবার পাওয়ার সুযোগ বাড়াতে মা আহার প্রকল্পের সম্প্রসারণের কথা ঘোষণা করেন তিনি।

মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, বর্তমানে রাজ্যে ৫০০টি মা আহার কেন্দ্র চালু রয়েছে। এবার আরও ৫০০টি কেন্দ্র খোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। অর্থাৎ, নতুন কেন্দ্রগুলি চালু হলে মোট মা আহার কেন্দ্রের সংখ্যা বেড়ে দাঁড়াবে এক হাজার। এই কেন্দ্রগুলি শুধুমাত্র কলকাতার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। জেলার বিভিন্ন জনবহুল এলাকাতেও খোলা হবে খাবারের স্টল।

কোথায় কোথায় মিলবে এই পরিষেবা? হাসপাতাল, মেডিক্যাল কলেজ, আদালত, বাসস্ট্যান্ড, রেলস্টেশন, বাজার এবং বিভিন্ন প্রশাসনিক দপ্তরের সামনে নতুন মা আহার কেন্দ্র খোলার পরিকল্পনা রয়েছে। মূলত যেখানে প্রতিদিন বহু মানুষের যাতায়াত, সেই জায়গাগুলিকেই অগ্রাধিকার দেওয়া হবে। এর ফলে চিকিৎসা করাতে আসা রোগীর পরিজন, আদালতে কাজের জন্য আসা সাধারণ মানুষ, যাত্রী এবং নিম্ন আয়ের মানুষেরা কম খরচে খাবার পেতে পারবেন।

বর্তমানে মা আহার কেন্দ্রে সপ্তাহে দু’দিন মাছ দেওয়া হয়। এই প্রকল্প পরিচালনার জন্য সরকার অতিরিক্ত ১৩৪ কোটি টাকা খরচ করছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নতুন কেন্দ্র চালু হলে খাবার পরিবেশনের পরিধি আরও বাড়বে। পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কাজের সুযোগও তৈরি হবে। রান্না, খাবার প্রস্তুত, পরিবেশন এবং কেন্দ্র পরিচালনার মতো কাজে তাঁদের যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

এবার আসা যাক সাত্ত্বিক আহারের প্রসঙ্গে। বৈষ্ণব ধর্মাবলম্বীদের অনেকেই নিরামিষ খাবার গ্রহণ করেন। তাঁদের কথা মাথায় রেখে বারাসতে বিশেষ সাত্ত্বিক আহারের ব্যবস্থা-সহ মা আহার কেন্দ্র চালুর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি নবদ্বীপ-সহ অন্যান্য জায়গা থেকেও এই ধরনের খাবারের অনুরোধ এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এই বিশেষ খাবারের জন্য অতিরিক্ত অর্থ সরকার বহন করবে বলেও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

সব মিলিয়ে মা আহার প্রকল্পের পরিধি বাড়ানোর পাশাপাশি খাবারের বৈচিত্র্যেও জোর দিচ্ছে রাজ্য সরকার। একদিকে পাঁচ টাকায় সাধারণ মানুষের খাবারের ব্যবস্থা, অন্যদিকে মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীর কর্মসংস্থান—এই দুই লক্ষ্য নিয়েই নতুন কেন্দ্রগুলি চালুর পরিকল্পনা করা হয়েছে। এখন নজর, কবে থেকে রাজ্যের বিভিন্ন জেলায় এই সম্প্রসারিত পরিষেবা বাস্তবে শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *