সোমবার ফেসবুক লাইভে অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্যের বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার অভিযোগ, ভোটের আগে প্রতিশ্রুতি দেওয়া হলেও ভোট মিটতেই বহু মহিলার ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে আগে রাজ্যের ২ কোটি ৪২ লক্ষ মা-বোনকে আর্থিক সাহায্য দেওয়া হতো। এমনকি ভোটের আগের মার্চ মাসেও টাকা দেওয়া হয়েছিল। কিন্তু ভোটের পরেই নাকি প্রায় ৭৫ শতাংশ মহিলার ভাতা বন্ধ হয়ে গিয়েছে। মমতার বক্তব্য, আবেদন করতে গেলেই নানা ধরনের যোগ্যতার কথা বলা হচ্ছে। অথচ প্রতিশ্রুতি দেওয়ার সময় এই ধরনের কোনও শর্তের কথা বলা হয়নি। তাঁর অভিযোগ, গোটা বিষয়টিই আসলে রাজ্যের মহিলাদের সঙ্গে প্রতারণা।
মমতার এই বক্তব্য সামনে আসতেই পাল্টা জবাব দিতে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর দাবি, অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরোধীদের অভিযোগের কোনও ভিত্তি নেই। তাঁর বক্তব্য অনুযায়ী, ইতিমধ্যেই রাজ্যের ১ কোটি ৪৬ লক্ষ মহিলার অ্যাকাউন্টে সরাসরি অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তা পাঠানো হয়েছে। শুধু তাই নয়, ধর্মের ভিত্তিতে কোনও বিভাজন করা হচ্ছে না বলেও স্পষ্ট বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, অন্নপূর্ণা যোজনার আওতায় প্রায় ১৯ লক্ষ মুসলিম পরিবারের অ্যাকাউন্টেও ইতিমধ্যেই টাকা পৌঁছে গিয়েছে।
এরপরই বিরোধীদের উদ্দেশে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য, যারা রাজনীতি, হিন্দুত্ব কিংবা মতুয়া সম্প্রদায়ের নাম করে মানুষকে প্রতারিত করেছিল, তাদের মুখে এই ধরনের অভিযোগ মানায় না। তবে এখানেই শেষ নয়। অন্নপূর্ণা যোজনায় যাঁরা আবেদন করেছেন, তাঁদের অভিযোগ নিয়েও বড় বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, সরকারি নিয়ম মেনেই আবেদনগুলির স্ক্রুটিনি চলছে। এবং তাঁর দাবি, যোগ্য কোনও মহিলাকেই অন্নপূর্ণা যোজনা থেকে বাদ দেওয়া হবে না। ইতিমধ্যেই বিভিন্ন এলাকা থেকে প্রায় সাড়ে ৪ লক্ষ মহিলা আবেদন সংক্রান্ত অভিযোগ জানিয়েছেন।
মুখ্যমন্ত্রীর আশ্বাস, প্রতিটি অভিযোগ সতর্কতার সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। অর্থাৎ, যাঁরা আবেদন করেও সুবিধা পাচ্ছেন না, তাঁদের অভিযোগও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে বার্তা দিল রাজ্য সরকার। এদিকে নাগরিকত্ব সংশোধনী আইন বা CAA নিয়ে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক চাপানউতোর চলছে। এই পরিস্থিতিতে এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, CAA-র আওতায় নাগরিকত্বের সার্টিফিকেট দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তাঁর দাবি, বর্তমানে অপেক্ষায় থাকা প্রায় ২ লক্ষ ৭ হাজার আবেদন রয়েছে।
শুধু পুরনো আবেদন নয়, আগামী দিনে নতুন করে যাঁরা আবেদন করবেন, তাঁদের আবেদনও নিয়ম মেনে নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যোগ্য আবেদনকারীদের হাতে তুলে দেওয়া হবে ভারতীয় নাগরিকত্বের অফিসিয়াল সার্টিফিকেট এমনটাই বার্তা দিয়েছেন তিনি।
