দীপাবলি-হোলিতে বিনামূল্যে রান্নার গ্যাস দেবে সরকার!ভোটের আগে যোগীর মাস্টারস্ট্রোক!

সামনেই দীপাবলি, ঘরে উৎসবের প্রস্তুতি চলছে। বাজারে মিষ্টি কিনতে হবে, প্রদীপ কিনতে হবে, পরিবারের জন্য নতুন কিছু কেনাকাটাও করতে হবে। আর ঠিক সেই সময় যদি রান্নার গ্যাসের সিলিন্ডারটাই পাওয়া যায় সম্পূর্ণ বিনামূল্যে, তাহলে সাধারণ মানুষের কাছে এর থেকে বড় স্বস্তির খবর আর কী হতে পারে? ঠিক এমনই বড় ঘোষণা করে উত্তরপ্রদেশের রাজনীতিতে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

আগামী বছরের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরপ্রদেশের যোগী সরকার কি এবার সাধারণ মানুষের মন জয় করতে বড় চাল দিল? কারণ, রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় থাকা সমস্ত যোগ্য পরিবার এবার থেকে বছরে দু’বার সম্পূর্ণ বিনামূল্যে LPG গ্যাস সিলিন্ডার পাবে। একবার দীপাবলিতে, আরেকবার হোলিতে। মঙ্গলবার একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ১ কোটি ৮৯ লক্ষেরও বেশি উপভোক্তার অ্যাকাউন্টে LPG সিলিন্ডার রিফিলের ভর্তুকি প্রদানের বিষয়টি তুলে ধরেন। আর সেই মঞ্চ থেকেই তিনি ঘোষণা করেন, উজ্জ্বলা যোজনার আওতাভুক্ত যোগ্য পরিবারগুলি এবার থেকে বছরে দু’টি উৎসবে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার পাবে।

যোগীর কথায়, একটি LPG সিলিন্ডারের দাম ৯৮৩ টাকা ৪৫ পয়সা। এর মধ্যে কেন্দ্র সরকারের পক্ষ থেকে ৩৩৫ টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে। ফলে উপভোক্তাকে নিজের পকেট থেকে দিতে হচ্ছে ৬৪৮ টাকা ৫৫ পয়সা। আর এবার রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী, দীপাবলি ও হোলিতে এই খরচটুকুও আর বহন করতে হবে না যোগ্য উপভোক্তাদের। যোগী আদিত্যনাথ সাধারণ মানুষকে উদ্দেশ্য করে বলেন, সিলিন্ডারের টাকা বাঁচলে সেই টাকা দিয়ে পরিবারের জন্য দীপাবলির মিষ্টি কিনুন, প্রদীপ কিনুন এবং আনন্দের সঙ্গে উৎসব পালন করুন।

পূর্বতন কংগ্রেস সরকারের আমলের কথা তুলে ধরে তাঁর অভিযোগ, সেই সময় একটি গ্যাসের সংযোগ পাওয়ার জন্য সাধারণ মানুষকে দীর্ঘ হয়রানির মুখে পড়তে হতো।
অন্যদিকে, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর দরিদ্র পরিবারগুলির কাছে বিনামূল্যে গ্যাস সংযোগ পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে বলে দাবি করেন তিনি। যোগীর বক্তব্য, সাধারণ মানুষের এই দুর্ভোগ দূর করাই প্রকৃত সুশাসনের পরিচয়। গ্যাস সিলিন্ডারের ঘোষণার পাশাপাশি আগামী ৭ নভেম্বর অযোধ্যায় অনুষ্ঠিত হতে চলা দীপোৎসব নিয়েও বিশেষ বার্তা দিয়েছেন যোগী আদিত্যনাথ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *