“আমি মদ খাই না, পাসপোর্টে কোনো দাগ নেই, ঘোষিত অবিবাহিত” !ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর!

একসময় ছিলেন রাজ্যের মন্ত্রী, তারপর বিধানসভার বিরোধী দলনেতা, আর এখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। রাজনৈতিক জীবনের এই দীর্ঘ যাত্রায় ক্ষমতার শীর্ষে পৌঁছেও তাঁর ব্যক্তিগত জীবনযাপনে বিন্দুমাত্র পরিবর্তন আসেনি— এমনটাই স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সম্প্রতি ‘দ্য ইকোনমিক টাইমস’-এর ‘বেঙ্গল অ্যাসেন্ডস’ অনুষ্ঠানে যোগ দিয়ে নিজের জীবনদর্শন, কাজ এবং রাজনৈতিক অবস্থান নিয়ে অত্যন্ত খোলামেলা মন্তব্য করেন তিনি। মুখ্যমন্ত্রীর সাফ কথা, তিনি ক্ষমতা উপভোগ করতে আসেননি, বরং কাজ করে দেখাতে এসেছেন।

অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলেন, বাংলার মানুষ খুব ভালো করেই জানেন যে মুখ্যমন্ত্রী হওয়ার পরও তাঁর খাওয়া-দাওয়া, পোশাক-আশাক, স্বভাব কিংবা আচার-ব্যবহারে কোনো বদল ঘটেনি। তবে মুখ্যমন্ত্রীর পদাধিকারবলে বাড়তি কিছু প্রোটোকল এবং নিরাপত্তার কড়াকড়ি যুক্ত হয়েছে, যার ফলে মাঝেমধ্যে সাধারণ মানুষের কিছুটা অসুবিধা হচ্ছে বলেও তিনি স্বীকার করেন। মুখ্যমন্ত্রী জানান, রাস্তা আটকে যাতে জনসাধারণের ভোগান্তি না হয়, সেদিকে তিনি নিজে নজর রাখার চেষ্টা করেন। তবে নিরাপত্তার খাতিরে ন্যূনতম প্রোটোকল কিছুটা মেনে নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

ব্যক্তিগত জীবন ‘এনজয়’ বা উপভোগ করার প্রশ্নে এদিন বেশ কড়া অথচ স্পষ্ট জবাব দেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, তিনি উপভোগ করছেন না, বরং পারফর্ম করছেন। নিজের জীবনযাপনের প্রসঙ্গ টেনে তিনি জানান, তাঁর পাসপোর্টে আজ পর্যন্ত কোনো বিদেশযাত্রার দাগ বা স্ট্যাম্প পড়েনি; এমনকি প্রতিবেশী কাঠমান্ডু বা ঢাকাতেও তিনি কখনো যাননি। কোনো রকম রাখঢাক না করেই তিনি বলেন, তিনি মদ্যপান করেন না এবং একজন ঘোষিত অবিবাহিত মানুষ— এই তথ্য গোটা দেশের জানা উচিত। নিজের সম্পূর্ণ জীবন তিনি দেশের সেবায় উৎসর্গ করে দিয়েছেন বলেই দাবি করেন শুভেন্দু অধিকারী।

কাজের মূল্যায়ন প্রসঙ্গেও এদিন তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সবেমাত্র ক্ষমতায় এসে তাঁর সরকার একগুচ্ছ কাজ শুরু করেছে এবং সেই ধারাবাহিকতা বজায় রেখেছে। তবে মাত্র প্রথম ছয় মাসের কাজ দেখেই তাঁকে কোনো সার্টিফিকেট দেওয়ার পক্ষপাতী নন তিনি। বরং আরও দু-তিন বছর সময় যাওয়ার পর তাঁর সরকারের পারফরম্যান্স বিচার করার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

অনুষ্ঠানে কথা প্রসঙ্গে নিজের পুরনো রাজনৈতিক অধ্যায় নিয়েও মুখ খোলেন শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেস ছাড়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি ফের কটাক্ষ করে বলেন, প্রাইভেট লিমিটেড কোম্পানির মতো চলা সেই দলে তিনি ‘কর্মচারী’ হয়ে থাকতে চাননি, আর সেই কারণেই দল ছেড়ে বেরিয়ে এসেছিলেন। সব মিলিয়ে, ‘বেঙ্গল অ্যাসেন্ডস’-এর মঞ্চে মুখ্যমন্ত্রীর এই অকপট ও আত্মবিশ্বাসী বক্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *