উত্তরপ্রদেশের মুঘলসরাই সাধারণত খবরের শিরোনামে আসে না। কিন্তু ৩০ এপ্রিল, ২০২৬, এই দিনটা আলাদা হয়ে থাকল। একটি তথাকথিত অবৈধ মসজিদ ঘিরে তৈরি হয়েছিল সম্ভাব্য উত্তেজনা। প্রশাসনের প্রস্তুতি ছিল কড়া। কিন্তু শেষমেশ যেটা ঘটল, তা অনেকের কাছেই এক ‘অপ্রত্যাশিত উদাহরণ’।স্থানীয় প্রশাসনের দাবি, সরকারি জমি দখল করে তৈরি হয়েছিল ওই মসজিদের একটি অংশ। তদন্তের পর সেটিকে ‘অবৈধ কাঠামো’ হিসেবে চিহ্নিত করা হয়। এরপর নিয়ম মেনেই মসজিদ কমিটিকে দেওয়া হয় নোটিশ। সময়ও দেওয়া হয়েছিল—নিজেদের উদ্যোগে সেই অংশ সরিয়ে নেওয়ার জন্য।
কিন্তু নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে গেলেও,মাঠে তেমন কোনো পদক্ষেপ দেখা যায়নি।
ফলে প্রশাসন সিদ্ধান্ত নেয়, নিজেদের উদ্যোগেই উচ্ছেদ অভিযান চালাবে। ৩০ এপ্রিল সকাল। এলাকায় পৌঁছে যায় প্রশাসনের টিম, সঙ্গে বিশাল পুলিশবাহিনী এবং বুলডোজার। পরিস্থিতি যে কোনো সময় উত্তপ্ত হয়ে উঠতে পারে, এমনটাই আশঙ্কা করছিল অনেকেই। কিন্তু ঠিক তখনই সামনে আসেন স্থানীয় মুসলিম সমাজের প্রতিনিধিরা। তারা প্রশাসনের সঙ্গে কথা বলেন। এবং জানিয়ে দেন, আইনের প্রতি সম্মান রেখে, তারা নিজেরাই ভেঙে ফেলবেন ওই অবৈধ অংশ।
তারপর যা ঘটল, বুলডোজার দাঁড়িয়ে রইল একপাশে আর অন্যদিকে, হাতুড়ি-শাবল হাতে স্থানীয় মানুষজন নিজেরাই শুরু করে দিলেন ভাঙার কাজ। এই দৃশ্য অনেকের কাছেই ছিল একেবারে অপ্রত্যাশিত। উত্তরপ্রদেশে সাম্প্রতিক সময়ে ‘বুলডোজার অ্যাকশন’ নিয়ে বহু বিতর্ক হয়েছে। অভিযোগ উঠেছে শক্তি প্রয়োগের। কিন্তু মুঘলসরাইয়ের এই ঘটনা দেখাল এক ভিন্ন পথ। যেখানে সংঘর্ষ নয়, বরং আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব হয়েছে। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, এই ঘটনাটি প্রমাণ করে, আইনের শাসন এবং সমাজের সহযোগিতা থাকলে
সংবেদনশীল পরিস্থিতিও শান্তিপূর্ণভাবে মেটানো যায়।
এই ঘটনাকে অনেকেই দেখছেন একটি মেসেজ হিসেবে। আইনের প্রতি সম্মান দেখিয়ে, নিজেদের উদ্যোগে সমস্যার সমাধান
এটাই হয়তো ভবিষ্যতের পথ হতে পারে। এতে যেমন প্রশাসনের সঙ্গে সংঘাত কমে, তেমনই সমাজে শান্তি বজায় থাকে। মুঘলসরাইয়ের এই ঘটনা একটি ছোট জায়গার বড় বার্তা। রাজনৈতিক মহলের একাংশের মতে মুঘলসরাইয়ের এই ঘটনা এটাই প্রমাণ করে যে, আইনের শাসন ও জনসমাজের সহযোগিতা থাকলে যেকোনো সংবেদনশীল পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধান সম্ভব। স্থানীয়দের এই পদক্ষেপ একদিকে যেমন আইনশৃঙ্খলার প্রতি আস্থা প্রকাশ করেছে, অন্যদিকে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর সুযোগও বন্ধ করে দিয়েছে।
