নেপালে ভয়াবহ বন্যা ও হড়পা বানে বিপর্যস্ত জনজীবন। প্রাকৃতিক দুর্যোগের জেরে একদিকে যেমন বহু মানুষ সমস্যায় পড়েছেন, অন্যদিকে উদ্বেগ বাড়ছে নেপালে থাকা ভারতীয় পর্যটক ও তীর্থযাত্রীদের নিয়ে। নেপালের বিদেশ মন্ত্রক জানিয়েছে, প্রায় ৩০০ জন ভারতীয় পর্যটক এখনো নিখোঁজ রয়েছেন। তাঁদের মধ্যে অধিকাংশই কৈলাস মানস সরোবর যাত্রায় গিয়েছিলেন বলে দাবি করা হয়েছে। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সরকারও তৎপর। নেপালে আটকে থাকা বা নিখোঁজ বাংলার বাসিন্দাদের পরিবারের পাশে দাঁড়াতে চালু করা হয়েছে জরুরি হেল্পলাইন।
নেপালের বিভিন্ন এলাকায় প্রবল বৃষ্টি এবং হড়পা বানের জেরে তৈরি হয়েছে ভয়াবহ পরিস্থিতি। আচমকা জলের স্রোতে বহু মানুষ বিপাকে পড়েছেন। যোগাযোগ ব্যবস্থাতেও তৈরি হয়েছে সমস্যা। এই পরিস্থিতিতে নেপালে থাকা ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে যাঁরা পর্যটন কিংবা তীর্থযাত্রার জন্য সেখানে গিয়েছেন, তাঁদের পরিবারের সদস্যরা এখন প্রিয়জনের খবরের অপেক্ষায়। স্বাভাবিকভাবেই তাঁদের পরিবারে তৈরি হয়েছে আতঙ্ক এবং উৎকণ্ঠা। তবে পশ্চিমবঙ্গ থেকে ঠিক কতজন মানুষ নেপালে আটকে রয়েছেন বা নিখোঁজ, সেই সংখ্যা এখনও নিশ্চিত নয়। সেই তথ্য যাচাইয়ের কাজ চলছে। তবে বিভিন্ন প্রতিবেদন থেকে জানা গিয়েছে পশ্চিমবঙ্গের প্রায় ৩২ থেকে ৩৫ জন নিখোঁজ রয়েছেন।
ইতিমধ্যেই জানা গিয়েছে, আরামবাগের প্রায় ৬৫ জন নেপালে আটকে রয়েছেন। তবে রাজ্যজুড়ে আরও কতজন পর্যটক বা তীর্থযাত্রী সেখানে রয়েছেন, তার সম্পূর্ণ তথ্য এখনও সামনে আসেনি। এই কারণেই নেপালে আটকে থাকা বাংলার বাসিন্দাদের দ্রুত শনাক্ত করা এবং তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপনকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের তরফে জানানো হয়েছে, কাঠমান্ডুতে অবস্থিত ভারতীয় দূতাবাস এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। আটকে থাকা ভারতীয় নাগরিকদের সম্পর্কে তথ্য সংগ্রহ করে দ্রুত তাঁদের কাছে সাহায্য পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে। উদ্ধারকাজ যাতে কোনওভাবেই বিলম্বিত না হয়, সেই লক্ষ্যেই প্রশাসনিক স্তরে সমন্বয় করা হচ্ছে।
এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। নেপালে থাকা ভারতীয় নাগরিক কিংবা তাঁদের পরিবারের সদস্যরা প্রয়োজনে কাঠমান্ডুতে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
ভারতীয় দূতাবাসের ফোন এবং WhatsApp নম্বর—
+977 985 131 6807
এবং
+977 970 910 7500।
পাশাপাশি কলকাতার ভবানী ভবনে চালু রাখা হয়েছে পৃথক পুলিশ কন্ট্রোল রুম।
সেখানে যোগাযোগের নম্বর
03324793311
এবং
9147890181।
নেপালে আটকে থাকা বা নিখোঁজ কোনও পশ্চিমবঙ্গবাসীর বিষয়ে তথ্য থাকলে এই নম্বরগুলিতে যোগাযোগ করার জন্য আবেদন করা হয়েছে।
নেপালের ভয়াবহ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী। মৃতদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি তিনি জানিয়েছেন, ভারত ও পশ্চিমবঙ্গ সরকার দুর্গতদের পাশে রয়েছে। তাঁর বক্তব্য, নেপালে আটকে থাকা মানুষদের সম্পর্কে তথ্য সংগ্রহ করে দ্রুত সাহায্য পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে। একইসঙ্গে উদ্ধারকাজ দ্রুত সম্পন্ন করতে ভারতীয় দূতাবাস এবং প্রশাসনিক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।