রাজ্যে বিধানসভা নির্বাচনের পরিবর্তনের পর এবার লক্ষ্য পুরসভা দখল! মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ডিসেম্বরের মধ্যেই কলকাতা পুরনিগমসহ একাধিক পুরসভার নির্বাচন সম্পন্ন করতে পুরোদমে মাঠে নেমে পড়েছে প্রশাসন। নির্বাচন সম্পন্ন করার শেষ সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে ৭ ডিসেম্বর, আর সেই লক্ষ্যেই এবার প্রশাসনিক ও কমিশন স্তরে তৎপরতা পৌঁছাল চরম পর্যায়ে।
রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, পুরভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে জেলাশাসক এবং পুর ও নগরোন্নয়ন দফতরের শীর্ষ আধিকারিকদের নিয়ে ডাকা হয়েছে হাই-ভোল্টেজ বৈঠক। খবর অনুযায়ী, প্রথম দফাতেই নির্বাচন হতে চলেছে রাজ্যের বেশ কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পুর এলাকায়। এই তালিকায় রয়েছে— কলকাতা, হাওড়া, শিলিগুড়ি, ধূপগুড়ি, হলদিয়া, বালি, কার্শিয়াং, কালিম্পং এবং ঝাড়গ্রাম!
তবে ভোটের আনন্দের মাঝেই দেখা দিয়েছে বড় দুশ্চিন্তা— আপনি কি আদৌ ভোট দিতে পারবেন? ফের কি বাদ পড়তে চলেছে হাজার হাজার মানুষের নাম? নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী অক্টোবর মাসের নতুন রোলের জন্য অপেক্ষা না করে, গত ১ জুলাই যে চূড়ান্ত ভোটার তালিকা বা ফাইনাল রোল প্রকাশিত হয়েছিল, সেই তালিকার ওপর নির্ভর করেই অনুষ্ঠিত হবে এই পুরভোট। কিন্তু এসআইআর (SIR) প্রক্রিয়ার পর ট্রাইব্যুনালে বহু মানুষের নাম এখনও বিচারাধীন থাকায়, ভোটার তালিকায় নাম থাকা নিয়ে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে তীব্র আশঙ্কা।
যদিও ভোটের নিরাপত্তা ও শান্তি বজায় রাখা নিয়ে একশো শতাংশ আশ্বস্ত পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর সাফ দাবি— কেন্দ্রীয় ও রাজ্য প্রশাসনের কড়া নজরদারিতে সম্পূর্ণ রক্তক্ষয়হীন এবং অবাধ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার দেখার, ৭ ডিসেম্বরের মধ্যে প্রথম দফার এই পুরভোট কতটা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং আপনার এলাকা এই প্রথম দফার তালিকায় রয়েছে কি না!