‘কোনও যোগ্য ভোটারের নাম বাদ যাবে না’ SIR নিয়ে কমিশনের বড় পদক্ষেপ!

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা CEO দফতরের তরফে জানানো হয়েছে, ভারতের নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী রাজ্যের ২৪ জন জেলা নির্বাচনী আধিকারিক বা DEO সক্রিয়ভাবে প্রচার অভিযান শুরু করেছেন। রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন করা হচ্ছে, যাতে ভোটার তালিকা থেকে কোনও যোগ্য ভোটারের নাম বাদ না পড়ে। CEO দফতরের বার্তা অনুযায়ী, ভোটাররা তাঁদের সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসার বা BLO-র সঙ্গে যোগাযোগ করতে পারেন। প্রয়োজন অনুযায়ী যোগাযোগ করা যেতে পারে অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার বা AERO, ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ERO এবং জেলা নির্বাচনী আধিকারিক বা DEO-র সঙ্গেও।

পশ্চিমবঙ্গের পাশাপাশি ঝাড়খণ্ডেও বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ঝাড়খণ্ডের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর জানিয়েছে, রাজ্যের সমস্ত জেলা নির্বাচনী আধিকারিক নিজ নিজ জেলার প্রতিটি ভোটকেন্দ্রে বিশেষ শিবিরের মাধ্যমে প্রচার অভিযান চালাচ্ছেন।
এই উদ্যোগের লক্ষ্য, প্রত্যেক যোগ্য ভারতীয় নাগরিকের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা। কোনও যোগ্য নাগরিকের নাম নথিভুক্ত করা, শুনানি প্রক্রিয়ায় সাহায্য নেওয়া অথবা ভোটার তালিকায় কোনও সংশোধন করার প্রয়োজন হলে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর জানিয়েছে, ভোটার তালিকায় প্রায় ৩৩ লক্ষ নামের ক্ষেত্রে তথ্যগত অসংগতি বা ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ এবং পূর্ববর্তী ভোটার তালিকার সঙ্গে সংযোগ স্থাপন করা যায়নি, এমন ‘আন-ম্যাপড’ সংক্রান্ত সমস্যা ছিল। এই সমস্যাগুলি সমাধানের জন্য সক্রিয় প্রচার অভিযান শুরু হয়েছে বলে জানানো হয়েছে। দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত প্রায় ৩৩ লক্ষ সমস্যার মধ্যে ২০ লক্ষ ক্ষেত্রে সমাধান করা সম্ভব হয়েছে।

সিকিমের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর জানিয়েছে, রাজ্যের ছয়জন জেলা নির্বাচনী আধিকারিক যোগ্য ভোটারদের নাম যাতে বাদ না পড়ে, তা নিশ্চিত করতে প্রচার অভিযান শুরু করেছেন। এই উদ্দেশ্যে রাজ্যের ৬২৩টি বুথে বিশেষ শিবিরের আয়োজন করা হচ্ছে। সিকিমের ক্ষেত্রেও মূল লক্ষ্য একই, ভোটার তালিকায় যোগ্য নাগরিকদের নাম বজায় রাখা এবং কোনও অভিযোগ থাকলে তা সংশ্লিষ্ট আধিকারিকদের নজরে আনা। শুধু পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, দিল্লি কিংবা সিকিম নয়। পুদুচেরি, গুজরাট, উত্তরাখণ্ড, বিহার এবং মিজোরামেও এই সংক্রান্ত প্রচার অভিযান চলছে বলে জানানো হয়েছে।

এই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকেও একই বার্তা দেওয়া হয়েছে, কোনও যোগ্য ভোটারের নাম যাতে ভোটার তালিকা থেকে বাদ না পড়ে, তা নিশ্চিত করাই প্রধান লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *