আগামী ২৯ ডিসেম্বর কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ১০ লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন হতে চলেছে। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রামভদ্রাচার্যজি মহারাজের উদ্যোগে আয়োজিত হনুমান চল্লিশা পাঠের অনুষ্ঠান মঞ্চ থেকে এই পরিকল্পনার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, গত বছর ডিসেম্বর মাসে হিন্দুত্ববাদী সংগঠনগুলির উদ্যোগে ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজন করা হয়েছিল, তবে এ বার খোদ তাঁর উদ্যোগে এবং ব্যবস্থাপনায় দশ লক্ষ কণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠান আয়োজিত হবে। এই অনুষ্ঠানে থাকবেন রামদেব-সহ দেশের আধ্যাত্মিক গুরুরা।
সেই সময় রাজ্য জুড়ে শীতের ছুটি চলে। ২৫ ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীরা যিশু খ্রিস্টের জন্মদিন উদ্যাপন করেন। সেই উপলক্ষে কলকাতার পার্ক স্ট্রিট-সহ বিভিন্ন গির্জায় ধর্মীয় অনুষ্ঠান পালিত হয় সপ্তাহব্যাপী। সেই সময়েই শহরের সরাসরি মুখ্যমন্ত্রী তত্ত্বাবধানে আয়োজিত গীতাপাঠের অনুষ্ঠান যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলে একাংশ।
অনুষ্ঠানের বিস্তারিত রূপরেখা তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, আগামী ২৯ ডিসেম্বর সকালে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এই কর্মসূচিতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত এবং রামদেব উপস্থিত থাকবেন। মঞ্চ থেকেই রামভদ্রাচার্যজি মহারাজকে এই গীতাপাঠের আসরে উপস্থিত থাকার জন্য বিশেষ অনুরোধ জানান শুভেন্দু। এ দিন নেতাজি ইন্ডোরের সভা থেকে রাজ্যের পূর্বতন সরকারগুলির সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, রাজ্যে ৩৪ বছরের বামফ্রন্ট শাসনকালে ধর্ম পালনের স্বাধীনতা দেওয়া হত না এবং ‘জয় শ্রী রাম’, ‘জয় বজরংবলী’ বা ‘হরে কৃষ্ণ’ ধ্বনি তোলার ক্ষেত্রে বাধা দেওয়া হত।
পরবর্তী ১৫ বছরের শাসনকালের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, সেই সময়েও সনাতন ধর্ম ও ধর্মীয় আচার-অনুষ্ঠানকে বারবার আক্রমণ করা হয়েছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, ২০২৪ সালের ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠার দিন কলকাতার পার্ক সার্কাসে মিছিল করে রামমন্দিরের বিরোধিতা করা হয়েছিল, পাশাপাশি মহাকুম্ভের মতো পবিত্র তীর্থযাত্রাকেও বিধানসভার অন্দরে ‘মৃত্যুকুম্ভ’ বলে কটাক্ষ করা হয়েছিল।
ধর্মীয় ও সামাজিক পরিকাঠামো বিস্তারের লক্ষ্যে এ দিন জগৎগুরু রামভদ্রাচার্যজি মহারাজের কাছে বিশেষ আর্জিও জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রী হওয়ার পর মহারাজের সঙ্গে তাঁর একাধিক বার সাক্ষাৎ হয়েছে এবং সেই সূত্রেই তিনি পশ্চিমবঙ্গে রামানন্দ মিশনের একটি আশ্রম এবং একটি বৃহৎ গোশালা স্থাপনের অনুরোধ জানিয়েছেন। দেশের অন্যান্য প্রান্তের মতো এ রাজ্যেও মিশনের সেবামূলক কাজকর্ম ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। সব মিলিয়ে, নেতাজি ইন্ডোরের এই ধর্মীয় সমাবেশ থেকেই ডিসেম্বরের গীতাপাঠের অনুষ্ঠানের আনুষ্ঠানিক বার্তা দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।
