September 17

প্রধানমন্ত্রীর জন্মদিনে সারা দেশে পালন হবে বিশেষ কর্মসূচি

আগামী ১৭ই সেপ্টেম্বর ৭৫ পূর্ণ করে ৭৬ বছর বয়সে পা দিতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই উপলক্ষে এই বিশেষ দিনে প্রতি বছরের মতো এবারও দেশ জুড়ে এক বিশেষ কর্মসূচির আয়োজন করতে চলেছে গেরুয়া শিবির। ইতিমধ্যেই তাদের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে, এই কর্মসূচি প্রধানমন্ত্রীর জন্মদিন থেকে সূচনা হলেও, তা আগামী ২৫শে ডিসেম্বর পর্যন্ত জারি থাকবে। আর এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘সেবা পাখওয়াড়া অভিযান’। এটি আসলে একটি জনসংযোগ কর্মসূচি। অর্থাৎ, সাধারণ মানুষের সেবা করার মধ্যে দিয়েই যাবতীয় কর্মসূচি পালন করতে চলেছে পদ্ম শিবির।
কী কী হবে এই কর্মসূচিতে?
দলীয় সূত্রে খবর, দেশের ৭০টিরও বেশি শহরে মোদী বিকাশ ম্যারাথন আয়োজন করা হবে এবং গ্রামীণ এলাকায় সাংসদরা ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করবেন। এছাড়া, এই কর্মসূচিতে বিজেপি দেশের বিভিন্ন স্থানে সেবা পক্ষের অধীনে পরিচ্ছন্নতা অভিযান, ১০০০টি স্থানে রক্তদান শিবির, মায়ের নামে একটি গাছ, স্থানীয়দের জন্য ভোকাল, বুদ্ধিজীবী শ্রেণীর সম্মেলন এবং স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করবে বলেও জানা গিয়েছে। এখানেই শেষ নয়, কী কী ভাবে নরেন্দ্র মোদী দেশের মানুষের জন্য জীবন উৎসর্গ করেছেন, তা নিয়েও আলোচনা হবে ওই বিশেষ দিনে। এমনকি, সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে সংযোগ তৈরি করা ও তা বজায় রাখার জন্য আরও অনেক কর্মসূচি বিজেপির তরফে নেওয়া হয়েছে বলেও জানা যাচ্ছে।
প্রসঙ্গত, গত বছরও বিজেপি অত্যন্ত উৎসাহের সাথে সেবা পখওয়াড়া পালন করেছিল। সেবার প্যারিস অলিম্পিক গেমসের পর আয়োজিত ওই অনুষ্ঠানে বিজেপি রাজ্য সদর দপ্তরে প্যারিস প্যারালিম্পিকের সমস্ত অংশগ্রহণকারীদের সংবর্ধনা জানিয়েছিল এবং দিব্যাঙ্গ খেলোয়াড়দের সহায়ক সরঞ্জাম প্রদান করা হয়েছিল। চলতি বছরও ওই একই কর্মসূচিতে মেতে উঠতে চলেছে বিজেপি। ইতিমধ্যেই দিল্লিতে দলের সর্বভারতীয় দফতরে এই সকল কর্মসূচির আলোচনা সম্পন্ন হয়েছে। আর এবার পালা বাস্তবায়িত হওয়ার। সেই সঙ্গে এটাও দেখার অপেক্ষায় রয়েছে দেশবাসী যে, নিজের জন্মদিনে ভারতের সাধারণ মানুষদের রিটার্ন গিফট হিসেবে কী দেন নমো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *