পশ্চিমবঙ্গের ভোটপর্ব মিটে গেছে, কিন্তু সেই ভোটে হওয়া কারচুপির ফল এখনও ভোগ করতে হচ্ছে রাজ্যবাসীকে। কারণ নির্বাচন কমিশন ১৫টি বুথে পুনর্নির্বাচনের নির্দেশ জারি করেছে। গত শুক্রবার কমিশনের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে পাঠানো একটি চিঠিতে জানানো হয়েছে, ২রা মে রাজ্যের মোট ১৫টি বুথে পুনর্নির্বাচন করতে হবে। যার মধ্যে মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের মধ্যে ১১টি বুথ এবং বাকি ৪টি বুথ ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ছে। আসলে এই বুথগুলি থেকে নানা অভিযোগ উঠে এসেছিল। যা যাচাই করে পর্যবেক্ষকরা সত্যি বলেই দাবি করেছিলেন। আর এরপরই এই পুনর্নির্বাচনের নির্দেশ জারি।
জানা গিয়েছে, 46 উত্তর ইয়ারপুর F.P. স্কুল Room No. 2, 126-নাজরা F.P. স্কুল Room No. 1, 127 নাজরা F.P. স্কুল Room No. 2, 128 দেউলা F.P. স্কুল Room No. 1, 142 ঘোলা নয়াপাড়া গার্লস হাই স্কুল Room No. 2, 214 একতারা মলয়া F.P. স্কুল Room No. 1, 215 একতারা মলয়া F.P. স্কুল Room No. 2, 216 একতারা মলয়া ধোরা F.P. স্কুল Room No. 1, 230 বাহিরপুয়া কুরকুরিয়া F.P. স্কুল Room No. 1, 231 বাহিরপুয়া কুরকুরিয়া F.P. স্কুল Room No. 2, 232 বাহিরপুয়া কুরকুরিয়া F.P. স্কুল Room No. 3, 117 বাগদা জুনিয়র হাই স্কুল, 179 চন্দ্র F.P. স্কুল Room No. 2, 194 হরিদেবপুর F.P. স্কুল ও 243 রায়নগর F.P. স্কুল Room No. 2-এ এই পুনর্নির্বাচন করা হচ্ছে।
উল্লেখ্য, ফলতার একাধিক বুথে দ্বিতীয় নির্বাচনের দিন অস্বচ্ছ ভোট এবং EVM-এ কারচুপির অভিযোগ উঠেছিল। যার জেরে বিজেপি দাবি করেছিল ২৩টা বুথে পুনর্নির্বাচন করা হোক। তাছাড়া, সেখানকার একাধিক বুথে বন্ধ করে দেওয়া হয়েছিল সিসিটিভি ক্যামেরা। পাশাপাশি নেটওয়ার্কের কারণে সেখানকার বহু তথ্য কন্ট্রোল রুম পর্যন্ত পৌঁছায়নি। যদিও এই সব ঘটনার যথোপযুক্ত প্রমাণ কমিশনের হাতে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। কিন্তু ফলতা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি কমিশন। ফলে সেখানে রি-পোল হচ্ছে না। তবে, মগরাহাট ও ডায়মন্ড হারবারে শুরু হয়েছে পুনর্নির্বাচন। সূত্র মারফত জানা যাচ্ছে, কমিশন আইন অনুযায়ী গণনার পরেও ওই বুথে পুনর্নির্বাচন করতে পারে। এদিকে শুভেন্দু অধিকারী বারংবার ফলতায় পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন। তাছাড়া, সোশ্যাল মিডিয়ায় ভোটের দিন EVM-এ টেপ লাগিয়ে রাখার ভিডিও পোস্ট করেছিলেন বিজেপির IT সেলের প্রধান অমিত মালব্য। তবে, নির্বাচন কমিশন এ বিষয়ে কী সিদ্ধান্ত নেয়, এখন সেটাই দেখার।
প্রসঙ্গত, ডায়মন্ড হারবার ও মগরাহাট মিলিয়ে মোট ১৫টি বুথে সকাল ৭টা থেকে পুনর্নির্বাচন শুরু হয়েছে। আর এদিনেও বেজায় তৎপর কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ। এলাকায় টহল দিচ্ছেন জওয়ানরা। বুথের সামনে জমায়েত বরদাস্ত করছেন না তারা। ফলত, মোটের ওপর শান্তিপূর্ণ ভোট গ্রহণ পর্ব চলছে এই সকল বুথগুলিতে। নির্বাচন কমিশনের রিপোর্ট বলছে, পুনর্নির্বাচনে ভোটের হার ৩৬.৯৯%। যার মধ্যে মগরাহাট পশ্চিমে ভোট পড়েছে ৩৮.২% ও ডায়মন্ড হারবারে ৩৫.৯২%। তবে, আপাতত ফলতার বুথগুলি নিয়ে ধোঁয়াশা রয়েছে।