দেশের অর্থনৈতিক সংকট, আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি এবং মারাত্মক বেকারত্বে যখন সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠার জোগাড়, ঠিক তখনই সামনে এলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজকীয় বিদেশ সফরের বিপুল খরচের হিসাব। প্রচারসর্বস্ব রাজনীতি এবং নিজের ভাবমূর্তি চমকাতেই কি কোটি কোটি টাকা রাজকোষ থেকে উড়ানো হচ্ছে? রাজ্যসভায় বিরোধীদের সুনির্দিষ্ট প্রশ্নের মুখে কেন্দ্র যে খতিয়ান পেশ করেছে, তা দেখে এমন প্রশ্নই উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। বিদেশ মন্ত্রকের জমা দেওয়া তথ্য অনুযায়ী, শুধু ২০২৫ সালেই মোদীর বিশ্বভ্রমণের পেছনে সরকারি তহবিল থেকে বের হয়ে গেছে মাথাঘোরানো ১৮৭ কোটি টাকা!
আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং এবং সিপিআইএম সাংসদ ভি শিভাদাসনের যৌথ প্রশ্নের জবাবে লিখিত তথ্য পেশ করেন বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা। সেই নথিতে দেখা যাচ্ছে, ২০২৫ সালে আমেরিকা, ফ্রান্স, চিন, ব্রাজিল ও জাপানের মতো মোট ২৩টি দেশ সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সাধারণ মানুষের করের টাকায় চালিত এই সফরগুলোর পেছনে একক দেশ হিসেবে সবচেয়ে বেশি উড়ানো হয়েছে ফ্রান্স সফরে—প্রায় ২৫ কোটি ৬০ লক্ষ টাকা! এছাড়া ব্রাজিলে ১৭ কোটি ৭২ লক্ষ, আমেরিকায় ১৬ কোটি ৫৫ লক্ষ এবং চিনে প্রায় ১০ কোটি ৬০ লক্ষ টাকা খরচ করা হয়েছে।
বছরের পর বছর রাজকীয় খরচের বহর
অতীতের পরিসংখ্যান পর্যালোচনা করলেও দেখা যায়, মোদী সরকারের এই বিলাসী খরচের বহর নতুন কিছু নয়!
২০২৬: মাত্র কয়েক মাসের ব্যবধানেই ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফর বাবদ ইতোমধ্যেই উড়ানো হয়ে গেছে প্রায় ৭৪ কোটি ৫৯ লক্ষ টাকা।
২০২১ থেকে ২০২৪: এই চার বছরে প্রধানমন্ত্রীর বিদেশ ভ্রমণের পেছনে খরচ হয়েছে রেকর্ড ২৯৫ কোটি টাকা! যার মধ্যে শুধু ২০২৪ সালে ১৬টি দেশ ঘুরে খরচ করা হয়েছিল ১০৯ কোটি টাকা। ২০২৩ সালে ৯৩ কোটি, ২০২২ সালে ৫৫ কোটি ৮২ লক্ষ এবং ২০২১ সালে ৩৬ কোটি টাকা ব্যয় হয়েছিল।
বিরোধীদের তীব্র অভিযোগ, দেশের কৃষক, যুবক ও মধ্যবিত্ত শ্রেণি যখন আর্থিক অনটনে ভুগছে, তখন প্রধানমন্ত্রী নিজের আন্তর্জাতিক ভাবমূর্তি গঠনের উদ্দেশ্যে রাজকীয় ঢঙে বিদেশ ঘুরে বেড়াচ্ছেন। অতীতের কংগ্রেস সরকারের সফরের খরচের সাথে তুলনা করলে দেখা যায়, ২০১১ সালে প্রধানমন্ত্রী হিসেবে মনমোহন সিংয়ের আমেরিকা সফরে খরচ হয়েছিল ১০ কোটি ৭৪ লক্ষ টাকা, যেখানে মোদী জমানায় একটা সফরেই ২৫ কোটিরও বেশি টাকা উড়িয়ে দেওয়া হচ্ছে।
যদিও এই তীব্র সমালোচনার মুখে নিজেদের আড়াল করতে কেন্দ্র সরকার বড় বড় চুক্তির দোহাই দিচ্ছে। সরকার দাবি করছে, এই সফরের ফলেই নাকি দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আসছে। তবে বিশেষজ্ঞদের একাংশের প্রশ্ন, এই বিপুল পরিমাণ খরচের বিনিময়ে আমজনতার পকেটে শেষ পর্যন্ত কী লাভ পৌঁছাচ্ছে? রাজকোষের জন অর্থ এমন অকাতরে উড়ানোর নীতিকে মোদী সরকারের এক চরম ব্যর্থতা ও অর্থনৈতিক অপচয় হিসেবেই দেখছে বিরোধী দলগুলি।