প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনজীবনের ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে বিশেষ কর্মসূচির পরিকল্পনা করেছে ভারতীয় জনতা পার্টি। ‘সেবা সংকল্প মহোৎসব’ নামে এই কর্মসূচি শুরু হতে চলেছে ৭ সেপ্টেম্বর থেকে। প্রায় ১৫ দিন ধরে দেশের বিভিন্ন প্রান্তে চলবে একাধিক জনমুখী এবং সেবামূলক অনুষ্ঠান। ২০২৬ সালের ৭ অক্টোবর নরেন্দ্র মোদীর জনসেবার ২৫ বছর পূর্ণ হবে। সেই উপলক্ষেই এক মাস আগে, অর্থাৎ ৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে বিজেপির বিশেষ দেশব্যাপী প্রচারাভিযান। বিজেপির পরিকল্পনা অনুযায়ী, এই কর্মসূচির মূল বার্তা হবে সেবা, সুশাসন, উন্নয়ন এবং জনকল্যাণ।
এই বিশাল কর্মসূচির জাতীয় আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়েকে। রাজ্যস্তরেও থাকছে বিশেষ সাংগঠনিক ব্যবস্থা। কর্মসূচির তদারকির জন্য প্রতিটি রাজ্যে সাত সদস্যের একটি দল তৈরি করা হবে। এই দলে থাকবেন একজন রাজ্য সরকারের মন্ত্রী, একজন সাংগঠনিক সাধারণ সম্পাদক এবং আরও পাঁচজন নেতা। প্রথমেই থাকছে পরিচ্ছন্নতা অভিযান। সাধারণ মানুষের অংশগ্রহণে বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা ও জনসচেতনতার কর্মসূচি নেওয়া হবে। এর পাশাপাশি আয়োজন করা হবে রক্তদান শিবির। জনসেবার বার্তাকে সামনে রেখে দলের কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষকেও এই ধরনের উদ্যোগে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
থাকছে বৃক্ষরোপণ কর্মসূচি। পরিবেশ সচেতনতা এবং সবুজায়নের বার্তা পৌঁছে দিতে দেশের বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করা হবে। এছাড়াও আয়োজন করা হবে স্বাস্থ্য শিবির। সাধারণ মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা ও সচেতনতার বার্তা পৌঁছে দেওয়াই হবে এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। শুধু সেবামূলক কর্মসূচিই নয়, মোদীর রাজনৈতিক ও প্রশাসনিক জীবনের ২৫ বছরের পথচলাও তুলে ধরা হবে। ‘নরেন্দ্র মোদীর ২৫ বছর’—এই থিমকে সামনে রেখে দেশের বিভিন্ন প্রান্তে বসবে ডিজিটাল এবং ছবির প্রদর্শনী। সেখানে তাঁর জনজীবন এবং শাসনকালের বিভিন্ন গুরুত্বপূর্ণ মাইলফলক তুলে ধরা হবে। এর পাশাপাশি সুশাসন, উন্নয়ন এবং অন্ত্যোদয় নিয়ে আয়োজন করা হবে বুদ্ধিজীবী সম্মেলনের।
যুব সমাজকেও এই কর্মসূচির সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। যুবক-যুবতী এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে আলোচনা সভা ও মতবিনিময় করা হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি উদ্যোগ সরকারি কল্যাণমূলক প্রকল্প সম্পর্কে সচেতনতা শিবির। বিজেপির পরিকল্পনা, সাধারণ মানুষ যাতে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা সম্পর্কে জানতে পারেন এবং সেই সুবিধা পেতে প্রয়োজনীয় সহায়তা পান, তার জন্য বিশেষ শিবির করা হবে। সব মিলিয়ে, নরেন্দ্র মোদীর জনসেবার ২৫ বছর পূর্তিকে সামনে রেখে প্রায় ১৫ দিনের এই ‘সেবা সংকল্প মহোৎসব’-এ একদিকে যেমন থাকবে পরিচ্ছন্নতা, রক্তদান, বৃক্ষরোপণ ও স্বাস্থ্য শিবিরের মতো জনমুখী কর্মসূচি, তেমনই থাকবে প্রদর্শনী, বুদ্ধিজীবী সম্মেলন এবং যুব সমাজের সঙ্গে মতবিনিময়।
