ব্যালট পেপারে নির্বাচন হলেও জয়জয়কার NDA-র! অন্ধ্রপ্রদেশের পুরসভা নির্বাচনে বড় সাফল্য পেল মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর নেতৃত্বাধীন শাসক জোট। অন্যদিকে, কার্যত ধরাশায়ী কংগ্রেস-সহ বিরোধী শিবির। রাজ্যের একাধিক পুরনিগম, পুরসভা এবং নগর পঞ্চায়েতের ফলাফল সামনে আসতেই নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। বিশেষ করে বিরোধী নেতা জগনমোহন রেড্ডির রাজনৈতিক দুর্গ বলে পরিচিত এলাকায় NDA-র সাফল্য নজর কেড়েছে।
নির্বাচনের ফলাফল অনুযায়ী, অন্ধ্রপ্রদেশের মোট ১৩টি পুরনিগমের মধ্যে ৯টিতেই জয় পেয়েছে NDA সমর্থিত জোট। তবে আইনি জটিলতার কারণে শ্রীকাকুলাম পুরনিগম এবং অমদালাভালাসা পুরসভায় ভোটগ্রহণ সম্ভব হয়নি। ফলে ওই দুই জায়গার ফলাফল এই হিসাবের মধ্যে নেই।
অন্যদিকে, রাজ্যের ৮৬টি পুরসভা এবং নগর পঞ্চায়েতের মধ্যে ৭৫টিতে জয় পেয়েছে শাসক জোটের প্রার্থীরা। কয়েকটি জায়গায় নির্দল প্রার্থীরাও জয়ী হয়েছেন। পাশাপাশি প্রায় ১৭টি পুরসভা ও নগর পঞ্চায়েতে NDA-র প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। সব মিলিয়ে স্থানীয় প্রশাসনের নির্বাচনে শাসক জোটের এই ফলাফল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
তবে এবারের নির্বাচনের সবচেয়ে বড় চমক ওয়াইএসআর কড়পা জেলায়। এই জেলা দীর্ঘদিন ধরেই প্রাক্তন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির পারিবারিক এবং রাজনৈতিক শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। সেই জেলাতেই এবার বড় ধাক্কা খেল কংগ্রেস। মোট ২৭৯টি মিউনিসিপ্যাল ওয়ার্ডের মধ্যে মাত্র ৭টিতে জয় পেয়েছে তারা। অন্যদিকে, বাকি আসনগুলিতে NDA সমর্থিত প্রার্থীরা বড় সাফল্য পেয়েছেন। জেলার ছয়টি পুরসভাতেও জয় পেয়েছে শাসক জোট।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, জগনমোহন রেড্ডির নিজের বিধানসভা কেন্দ্র পুলিভেন্দুলাতেও বিরোধী শিবিরের ফলাফল আশানুরূপ হয়নি। সেখানে পুরনির্বাচনে চেয়ারম্যান পদে NDA সমর্থিত তেলুগু দেশম পার্টির প্রার্থী গীতা কুমারী ১৩ হাজার ৮৭৫ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন। ফলে নিজের রাজনৈতিক দুর্গেও জগনের দলের এই ধাক্কা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
অথচ কয়েক বছর আগের ছবিটা ছিল সম্পূর্ণ আলাদা। ২০২১ সালের পুরসভা নির্বাচনে তৎকালীন ক্ষমতাসীন ওয়াইএসআর কংগ্রেস পার্টি কার্যত একতরফা সাফল্য পেয়েছিল। রাজ্যের ৮৭টি পুরসভার মধ্যে ৮৬টিতে এবং সমস্ত পুরনিগমেই জয়ী হয়েছিল তারা। কিন্তু বিধানসভা নির্বাচনে ক্ষমতা হারানোর পর এবার স্থানীয় নির্বাচনেও দলের ফলাফল বড় ধাক্কা দিল বলে মনে করছে রাজনৈতিক মহল।
এই জয়ের পর NDA শিবিরের নেতারা সাধারণ মানুষের আস্থার প্রতিফলন হিসেবেই ফলাফলকে ব্যাখ্যা করেছেন। টিডিপির রাজ্য সভাপতি পল্লা শ্রীনিবাস রাওয়ের দাবি, মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ এবং মন্ত্রী নারা লোকেশের নেতৃত্বের উপর মানুষের বিশ্বাস আরও বেড়েছে।
মন্ত্রী নারা লোকেশও সমাজমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, এই বিপুল জনসমর্থন শুধু উদযাপনের বিষয় নয়, বরং মানুষের জন্য কাজ করার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে।
সব মিলিয়ে, ব্যালট পেপারে হওয়া এই পুরনির্বাচনের ফলাফল অন্ধ্রপ্রদেশের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। তবে এই জয় আগামী দিনের রাজ্য রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
