একটি সংবাদমাধ্যমের সম্মেলনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডিজেলের দাম নিয়ে এই গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় ভারতে ডিজেলের দাম লিটার প্রতি প্রায় ৫০ টাকা বাড়ানোর পরিস্থিতি তৈরি হয়েছিল। তিনি জানান, কয়েক সপ্তাহের মধ্যেই অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৭০ ডলার থেকে বেড়ে ১২২ ডলারে পৌঁছে গিয়েছিল। কিন্তু কেন্দ্রীয় সরকার সেই সম্পূর্ণ মূল্যবৃদ্ধির বোঝা সাধারণ মানুষের উপর চাপিয়ে দেয়নি। ডিজেলের দাম বাড়ানো হয়েছে মাত্র ৭ টাকা। বাকি ৪৩ টাকার বোঝা সরকার নিজেরাই বহন করছে বলে দাবি প্রধানমন্ত্রীর। আর এই কারণে সরকারের প্রতি মাসে প্রায় ১৪ হাজার কোটি টাকা লোকসান হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
এখানেই শেষ নয়। প্রতিবেশী দেশগুলির জ্বালানির দামের প্রসঙ্গও তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ার প্রভাব প্রতিবেশী দেশগুলির জ্বালানির বাজারেও পড়েছে। সেখানে ডিজেলের দাম প্রায় ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বেড়েছে। অন্যদিকে, ভারতে ডিজেলের দাম তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছে সরকার। ভারতের কৃষকদের স্বস্তি দিতে গত ১২ বছরে সরকার কত টাকা খরচ করেছে, সেই হিসেবও তুলে ধরেছেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর দাবি, কৃষকদের সস্তায় সার সরবরাহ করতে গত ১২ বছরে কেন্দ্রীয় সরকার ১৬ লক্ষ কোটি টাকা ব্যয় করেছে।
বিশেষ করে পশ্চিম এশিয়ায় যুদ্ধ এবং আন্তর্জাতিক বাজারে সারের দাম বৃদ্ধির পরিস্থিতির মধ্যেও কৃষকদের জন্য ভর্তুকি বজায় রাখা হয়েছে বলে জানান তিনি। এরপর ডিএপি সারের উদাহরণ দেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে ৫০ কেজির এক বস্তা ডিএপি সারের দাম যেখানে প্রায় ৫ হাজার টাকা, সেখানে ভারতীয় কৃষকদের সেই সার দেওয়া হচ্ছে মাত্র ১ হাজার ৩০০ টাকায়। কৃষকদের উৎপাদন খরচ কমানোর ক্ষেত্রে এই ভর্তুকি যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, সেটাই বোঝাতে চেয়েছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, স্বাধীনতার পর প্রথমবার গত এক দশকে ভারতে কৃষির বার্ষিক বৃদ্ধির হার ৪ শতাংশের বেশি হয়েছে। তাঁর মতে, দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে কৃষির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষিকে শুধুমাত্র একটি অর্থনৈতিক ক্ষেত্র হিসেবে দেখলে চলবে না। কৃষি দেশের সামাজিক জীবন এবং কোটি কোটি মানুষের জীবিকার ভিত্তি। তাই কৃষকদের আর্থিকভাবে শক্তিশালী না করে বিকশিত ভারতের স্বপ্ন পূরণ করা সম্ভব নয় বলেও মনে করেন প্রধানমন্ত্রী। শুধু কৃষি নয়, দারিদ্র্য দূরীকরণ নিয়েও বড় দাবি করেছেন প্রধানমন্ত্রী।বিশ্বব্যাংকের একটি সমীক্ষার উল্লেখ করে তিনি জানান, গত ১২ থেকে ১৩ বছরে ভারতে প্রায় ৫০ কোটি মানুষ দারিদ্র্যসীমার বাইরে বেরিয়ে এসেছেন। প্রধানমন্ত্রীর বক্তব্য, দেশের উন্নয়ন তখনই প্রকৃত অর্থে সম্ভব, যখন সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে এবং কৃষক থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরের মানুষ উন্নয়নের সুযোগ পাবেন।