দিঘার জগন্নাথ মন্দির থেকে সরকারিভাবে বাদ গেল ‘ধাম’ শব্দটি!বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানালেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি !

দিঘার জগন্নাথ মন্দিরের নামকরণ নিয়ে দীর্ঘদিন ধরে চলা বিতর্কে অবশেষে ইতি টানল রাজ্য সরকার। দিঘার ওই মন্দির কমপ্লেক্স থেকে সরকারিভাবে ‘ধাম’ শব্দটি বাদ দেওয়ার সিদ্ধান্তে সবুজ সঙ্কেত দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসন। এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে বাংলার মুখ্যমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। একই সঙ্গে, অতীতে এই নামকরণকে কেন্দ্র করে বিতর্কের জন্য পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পূর্বতন সরকারকে কাঠগড়ায় তুলেছেন তিনি।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ২৩ নভেম্বর ওড়িশার মুখ্যমন্ত্রীকে একটি চিঠি পাঠিয়ে দিঘার জগন্নাথ মন্দিরের নাম পরিবর্তনের বিষয়টি সরকারিভাবে নিশ্চিত করেন শুভেন্দু অধিকারী। সেই চিঠিতে বাংলার মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন যে, প্রতিবেশী রাজ্য ওড়িশার ধর্মীয় ঐতিহ্য এবং সাধারণ মানুষের ভাবাবেগের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নির্দেশিকা অনুযায়ী, এখন থেকে দিঘার গোটা কমপ্লেক্সটি ‘শ্রী শ্রী জগন্নাথ কালচারাল সেন্টার’ নামে পরিচিত হবে। আর কমপ্লেক্সের ভেতরে যেখানে ভগবান অধিষ্ঠিত রয়েছেন, সেই মূল স্থানটির নাম হবে ‘শ্রী শ্রী জগন্নাথ মন্দির’। বৃহত্তর স্বার্থে নেওয়া এই সিদ্ধান্তের ফলে পশ্চিমবঙ্গ ও ওড়িশার দীর্ঘদিনের পারস্পরিক এবং সাংস্কৃতিক সম্পর্ক আগামী দিনে আরও দৃঢ় হবে বলে চিঠিতে আশাপ্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী।

বৃহস্পতিবার সেই চিঠির প্রাপ্তিস্বীকার করে সমাজমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। তাঁর বক্তব্য অনুযায়ী, মহাপ্রভু শ্রীজগন্নাথ হলেন সমগ্র বিশ্বের আধ্যাত্মিক আত্মা এবং সাংস্কৃতিক পরিচয়ের শ্রেষ্ঠ প্রতীক। পূর্বতন সরকারের সমালোচনা করে তিনি অভিযোগ করেছেন যে, পশ্চিমবঙ্গের আগের সরকার শ্রীক্ষেত্র পুরীর আধ্যাত্মিক গুরুত্বকে উপেক্ষা করে দিঘার মন্দির কমপ্লেক্সের ক্ষেত্রে ‘জগন্নাথ ধাম’ শব্দটি ব্যবহার করেছিল, যার ফলে কোটি কোটি ভক্তের ভাবাবেগে আঘাত লেগেছিল। তবে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর পূর্ববর্তী ঘোষণা অনুযায়ী ‘ধাম’ শব্দটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্তে সরকারি সিলমোহর দেওয়ায় তিনি অত্যন্ত আনন্দিত বলে জানিয়েছেন এবং এর জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, রাজ্যে রাজনৈতিক পালাবদলের ঠিক পরের মাসেই এই বিষয়টি নিয়ে প্রথম উদ্যোগী হয়েছিল নতুন সরকার। সেই সময় দিঘার জগন্নাথ মন্দিরে ‘ধাম’ শব্দের ব্যবহার নিয়ে ওড়িশার মুখ্যমন্ত্রীর আপত্তির চিঠি নিয়ে নবান্নে হাজির হয়েছিলেন পুরীর বিজেপি সাংসদ সম্বিত পাত্র। তখনই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে নির্মিত এই মন্দির থেকে ‘ধাম’ শব্দটি সরিয়ে নেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সেই ঘোষণায় সরকারি সিলমোহর পড়ার পর দু’রাজ্যের মধ্যে তৈরি হওয়া দীর্ঘদিনের এক সংবেদনশীল বিতর্কের অবসান ঘটল বলেই মনে করছে রাজনৈতিক ও প্রশাসনিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *