হুগলির চুঁচুড়ার বাসিন্দা রাহুল। শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম হলেও তিনি কারও বোঝা হয়ে থাকতে চাননি। নিজের পরিশ্রমে উপার্জন করে সংসার চালানোর স্বপ্ন দেখেছিলেন তিনি। সেই স্বপ্নকে বাস্তবায়িত করতেই একটি ছোট্ট চায়ের দোকান চালাতেন রাহুল। কিন্তু হঠাৎই ছন্দপতন!অভিযোগ, কয়েকদিন আগে রাহুলের সেই চায়ের দোকানে চুরির ঘটনা ঘটে। দুষ্কৃতীরা দোকান থেকে নগদ টাকা-সহ বেশ কিছু প্রয়োজনীয় সামগ্রী নিয়ে পালিয়ে যায়। যে দোকানকে কেন্দ্র করে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছিলেন রাহুল, সেই দোকানেই চুরির ঘটনায় কার্যত ভেঙে পড়েন তিনি।
একদিকে সংসারের দায়িত্ব, অন্যদিকে দোকানের ক্ষতি সব মিলিয়ে কীভাবে আবার ঘুরে দাঁড়াবেন, তা নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা।
তবে রাহুলের এই দুর্দশার খবর বেশিদিন আড়ালে থাকেনি। ‘Mother’s Smile.Tanmay’ নামের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে তাঁর পরিস্থিতি তুলে ধরে একটি ভিডিও প্রকাশ করা হয়। আর সেই ভিডিওই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি নজরে আসে রাজ্যের নগরোন্নয়ন ও পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের। রাহুলের লড়াই এবং তাঁর অসহায় পরিস্থিতির কথা জানতে পেরে আর চুপ করে থাকেননি মন্ত্রী। তিনি রাহুলের সঙ্গে যোগাযোগ করেন এবং তাঁর পাশে দাঁড়ানোর জন্য ব্যক্তিগতভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
এই উদ্যোগের কথা জানিয়ে নিজের ফেসবুক পোস্টে অগ্নিমিত্রা পাল লেখেন, “একটি ভিডিওর মাধ্যমে রাহুলের পরিস্থিতি সম্পর্কে জানতে পারি এবং তাঁর পাশে দাঁড়ানোর জন্য আমার পক্ষ থেকে সামান্য সহযোগিতার উদ্যোগ নিই। রাহুলের মতো পরিশ্রমী ও প্রয়োজনমতো মানুষের পাশে দাঁড়াতে পারা আমার কাছে সত্যিই আনন্দের ও তৃপ্তির। সাহায্য হয়তো ছোট, কিন্তু কারও কঠিন সময়ে পাশে থাকার অনুভূতিটাই সবচেয়ে বড়।” তবে এই ঘটনার সবচেয়ে ইতিবাচক দিক হল, রাহুল এখনও হাল ছাড়েননি। প্রতিকূলতা এসেছে, চুরির কারণে আর্থিক ক্ষতির মুখেও পড়েছেন তিনি, কিন্তু নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন থেকে সরে আসেননি।
মন্ত্রী অগ্নিমিত্রা পালও রাহুলের আগামী দিনের লড়াই নিয়ে আশাবাদী। তিনি কামনা করেছেন, রাহুলের এই লড়াই যেন থেমে না যায় এবং নিজের পরিশ্রমের জোরেই তিনি যেন আবার ঘুরে দাঁড়াতে পারেন। মন্ত্রীর এই উদ্যোগে নেট পাড়ায় প্রশংসার ঝড়।