সামনেই ভোট! ইতিমধ্যেই ভোটের হাওয়ায় সরগরম হয়ে উঠেছে বাংলার রাজনীতি। এদিকে প্রায় সব দলগুলিতেই প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গিয়েছে। তবে, এই ভোটের আবহেই এক অবাক করা কাণ্ড ঘটলো দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং মহকুমার বেতবেড়িয়া বাজারে। যা রীতিমত এলাকায় এক ভয়ের আবহ তৈরি করেছে। সেই সঙ্গে প্রশ্ন উঠছে, এ কোন রাজ্যে বাস করছি আমরা?
অভিযোগ, সবজি কিনতে মা ও মেয়ে বাজারের একটি দোকানে গিয়েছিলেন। কিন্তু সেখানে ধর্ম পরিচয় ঘিরে শুরু হয় অশান্তি। সূত্র মারফত জানা গিয়েছে, সেখানে এক মুসলিম সবজি বিক্রেতার সঙ্গে ওই দু’জনের বচসা বাঁধে। এরপরই সোশ্যাল মিডিয়ায় তাদের তরফে একটি ভিডিও সামনে আসে। আর সেখানেই মেয়েটি দাবি করেন, প্রথমে ওই সবজি বিক্রেতা তার মায়ের কপালে তিলক দেখে সবজি বিক্রি করতে অস্বীকার করেন। এরপর এই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলতেই পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। এমনকি, কথা কাটাকাটির পরিস্থিতি এমন পর্যায়ে চলে যায় যে সবজি বিক্রেতা মেয়েটিকে একটি চড় মারেন এবং হেনস্থা করেন বলে দাবি তোলেন তিনি।
ইতিমধ্যেই এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দারুণভাবে ছড়িয়ে পড়েছে। এই পুরো ঘটনাটি পুলিশ খতিয়ে দেখছে বলেও প্রশাসনের মাধ্যমে জানা গিয়েছে। পাশাপাশি ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে তারপরই প্রয়োজন মতো ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে স্থানীয় থানা। তবে, এই ঘটনায় চুপ করে নেই রাজনৈতিক দলগুলি। বরং, তাদের তরফেও প্রশাসনকে এই বিষয়ে চাপ দেওয়া শুরু হয়েছে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য। অনেকেই অভিযোগ করছেন, এটি একটি বৃহত্তর সামাজিক ব্যাধির উদাহরণ হয়ে উঠেছে। আবার অনেকের মতে, এটি নিতান্তই একটি বিচ্ছিন্ন ঘটনা।
যদিও স্থানীয়দের অনেকেরই দাবি, তাদের বাজারে আগে কখনও এমন ঘটনা ঘটেনি। তাই তাদের এলাকায় এমন ঘটনায় বেশ অবাক হয়েছেন তারা। সে কারণে তারা এর দ্রুত নিষ্পত্তি চাইছেন বলেও দাবি করেছেন। তবে, অনেকেই এক্ষেত্রেও রাজনৈতিক ইঙ্গিত পাচ্ছেন বলেও দাবি করেছেন। কেউ কেউ শাসক দলের তোষামোদের বিষয়টিকেও এর সঙ্গে গুলিয়ে দিয়েছেন। যদিও সত্যিই রাজ্যের শাসক দল বা তার কোনো প্রতিনিধি এর সঙ্গে জড়িত রয়েছে কিনা তা এখনও জানা যায়নি। তবে, বর্তমানে এই ঘটনাটি পুরোপুরি তদন্ত সাপেক্ষ।
