স্নাতক হলেই কি মিলবে ২ হাজার টাকা? ‘ভরসা’ প্রকল্পে কারা বাদ পড়ছেন?চলুন, বিস্তারিত জেনে নেওয়া যাক।

রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য বড় ঘোষণা রাজ্য সরকারের। সোমবার নবান্নে বৈঠক থেকে নতুন আর্থিক সহায়তা প্রকল্পের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নতুন এই প্রকল্পের নাম রাখা হয়েছে ‘ভরসা’। এর আগে পূর্বতন সরকারের আমলে বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তার জন্য চালু হয়েছিল ‘যুবসাথী’ প্রকল্প। এবার সরকার বদলের পর প্রকল্পের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘ভরসা’। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, আগামী জানুয়ারি মাস থেকেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা পাঠানো হবে।

এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। এই প্রকল্পে কারা কত টাকা করে পাবেন? মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে আর্থিক সহায়তার পরিমাণ। যাঁরা স্নাতক বা গ্র্যাজুয়েট, তাঁরা প্রতি মাসে পাবেন ২ হাজার টাকা। অন্যদিকে, যাঁরা এখনও স্নাতক হননি, অর্থাৎ নন-গ্র্যাজুয়েট, তাঁদের জন্য বরাদ্দ করা হয়েছে মাসে ১ হাজার ৫০০ টাকা। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, পূর্বতন সরকারের আমলে এই ভাতার পরিমাণ ছিল ১ হাজার ৫০০ টাকা। নতুন সরকার শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ভাতার পরিমাণ নির্ধারণ করেছে।

তবে এখানেই রয়েছে সবচেয়ে বড় শর্ত।আপনি যদি অন্নপূর্ণা যোজনার সুবিধাভোগী হন, তাহলে ‘ভরসা’ প্রকল্পের টাকা পাবেন না।
মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যাঁরা ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনার মাধ্যমে মাসিক আর্থিক সহায়তা পাচ্ছেন, তাঁরা এই নতুন প্রকল্পের সুবিধা নিতে পারবেন না। এদিন মুখ্যমন্ত্রী বলেন, অন্নপূর্ণা যোজনার টাকা যাঁরা পাচ্ছেন, তাঁরা ‘ভরসা’ প্রকল্পের টাকা পাবেন না। বিশেষ করে অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়া মহিলারাও এই নতুন ভাতা থেকে বাদ থাকবেন। তাই আপনি যদি এই প্রকল্পের জন্য আবেদন করার কথা ভাবেন, তাহলে প্রথমেই দেখে নিতে হবে আপনি অন্য কোনও প্রকল্পের অধীনে আর্থিক সুবিধা পাচ্ছেন কি না।

শুধু তাই নয়, একটি পরিবারের ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ নিয়ম ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য অনুযায়ী, একটি পরিবার থেকে সর্বোচ্চ দু’জন এই প্রকল্পের সুবিধা পেতে পারবেন। ফলে আবেদন করার আগে পরিবারের অন্য সদস্যরা এই প্রকল্পের সুবিধা নিচ্ছেন কি না, সেই বিষয়টিও মাথায় রাখতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *