১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন। এই উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। পশ্চিমবঙ্গেও শুরু হচ্ছে ‘সেবা সংকল্প অভিযান’। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সমাজমাধ্যমে একটি পোস্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন। পোস্টে তিনি উল্লেখ করেছেন, গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দীর্ঘ সময়ের জনসেবা ও দেশসেবার যাত্রাকে স্মরণীয় করে তুলতেই এই ‘সেবা সংকল্প অভিযান’-এর আয়োজন।
এই কর্মসূচির অন্যতম উল্লেখযোগ্য অংশ আগামীকাল সন্ধ্যা ৭টার ‘আশীর্বাদের প্রদীপ’ কর্মসূচি। রাজ্যের নারী ও শিশুকল্যাণ এবং সমাজকল্যাণ দফতরের অধীন ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেসের তরফে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় রাজ্যের প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র আলোকিত করতে হবে। সেই সময় সংশ্লিষ্ট অঙ্গনওয়াড়ি কর্মী অথবা সহায়িকাকে কেন্দ্রে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কোনও অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কর্মী বা সহায়িকার সংখ্যা কম থাকলে স্থানীয় পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। পুরো বিষয়টির উপর জেলা স্তর থেকে নজরদারি থাকবে।
১৭ সেপ্টেম্বর থেকে রাজ্যে শুরু হতে চলা এই কর্মসূচির মূল লক্ষ্য হিসেবে বলা হয়েছে, সরকারি পরিষেবা এবং জনকল্যাণমূলক প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো এবং সেই পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়া। সরকারি প্রকল্পগুলির সুবিধা কী, কারা সেই সুবিধা পেতে পারেন এবং কীভাবে সেই পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, এই বিষয়গুলিকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি চালানোর পরিকল্পনা রয়েছে। এই অভিযান চলার কথা ১৭ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মুখ্যমন্ত্রী তাঁর সমাজমাধ্যমের পোস্টে আরও জানিয়েছেন, সর্বত্র ‘আশীর্বাদের প্রদীপ’ প্রজ্বলন করে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য প্রার্থনা করা হবে। তাঁর বক্তব্য অনুযায়ী, প্রধানমন্ত্রী যাতে আরও বহু বছর দেশসেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারেন, সেই কামনাই করা হবে এই কর্মসূচির মাধ্যমে।