সেপ্টেম্বরের ১৭ তারিখ মোদিজির জন্মদিনে বিশেষ উদ্যোগ রাজ্যের! এবার রাজ্যজুড়ে উদযাপিত হবে ‘অন্নপূর্ণা দিবস’!

১৭ই সেপ্টেম্বর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুভ জন্মদিনে রাজ্যজুড়ে এক অভূতপূর্ব উৎসব পালনের ঘোষণা দিলেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। ভবানীপুর বিধানসভা কেন্দ্রে অন্নপূর্ণা প্রকল্পের মহিলা উপভোক্তাদের আয়োজিত বিশেষ ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি জানান, এই দিনটিকে রাজ্য সরকারের পক্ষ থেকে পালিত করা হবে ‘অন্নপূর্ণা দিবস’ হিসেবে। আগামী দিনে কলকাতার বুকে প্রায় এক লক্ষ যোগ্য মহিলাকে সাথে নিয়ে এক বিশাল জনসভার মাধ্যমে এই অন্নপূর্ণা দিবস উদযাপন করার মূল পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বর্তমান পরিসংখ্যান তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান— শুধুমাত্র এই একটি কেন্দ্রেই প্রায় ১৪ হাজার ৫০০ জনেরও বেশি যোগ্য মহিলার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পৌঁছে গিয়েছে। এছাড়া অতিরিক্ত প্রায় আড়াই হাজার আবেদনকারীকে চিহ্নিত করা হয়েছে, যাঁদের নথিপত্র বর্তমানে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সব মিলিয়ে এই এলাকার প্রায় ১৭ হাজার মহিলা সরাসরি এই সামাজিক সুরক্ষা সুবিধার আওতায় চলে এসেছেন। আর যাঁরা যোগ্য হওয়া সত্ত্বেও নথিপত্রের জটিলতায় এখনও অর্থ পাননি, তাঁদের হতাশ না হয়ে সরকারি পোর্টালে গিয়ে দ্রুত তথ্য নথিভুক্ত করার আহ্বান জানিয়েছেন তিনি।
সভামঞ্চ থেকে প্রাক্তন তৃণমূল সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র সমালোচনা করে শুভেন্দু অধিকারী বলেন— গত ১৫ বছরে পূর্বতন সরকার রাজ্যজুড়ে কোনো দীর্ঘস্থায়ী উন্নয়ন বা জনকল্যাণ করতে ব্যর্থ হয়েছে। ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে তৎকালীন সরকার মাত্র পাঁচশো বা এক হাজার টাকার ভাতার জন্য দিনের পর দিন সাধারণ মানুষকে অপেক্ষা করিয়েছে, এমনকি রাজনৈতিক প্রতিহিংসার কারণে বহু যোগ্য পরিবারকে বঞ্চিতও রাখা হয়েছিল। তবে বর্তমান সরকার কোনো রাজনৈতিক বৈষম্য না রেখে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে বলে তিনি জোরালো দাবি জানান।
পরিসংখ্যান পেশ করে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান— জুন মাসে ২৮ লক্ষ, জুলাইয়ে ১ কোটি ১৯ লক্ষ এবং চলতি আগস্ট মাসে প্রায় ১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে সরাসরি অন্নপূর্ণা যোজনার টাকা জমা হয়েছে। আগামী দিনে এই সংখ্যা বাড়িয়ে যদি ২০ থেকে ৩০ লক্ষ নতুন উপভোক্তাকে টাকা দিতে হয়, তবে রাজ্য সরকার সেই দায়িত্ব সানন্দে বহন করবে। ফলে মিডিয়া ট্রায়াল বা বিরোধীদের অপপ্রচারে কান না দিয়ে ‘ভাই’ শুভেন্দু অধিকারীর ওপর পূর্ণ আস্থা রাখার জন্য বাংলার নারীশক্তির প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *