সৌজন্যের নজির গড়লেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর অসুস্থ স্ত্রীকে দেখতে পৌঁছে গেলেন হাসপাতালে

গত কয়েকদিন ধরে পেটে যন্ত্রণা হচ্ছিল মীরা ভট্টাচার্যের। তার সঙ্গে ছিল শ্বাসকষ্টের সমস্যাও। প্রায় পাঁচ দিন ধরে পেটের ব্যথা চলার পর চিকিৎসকদের পরামর্শে শুক্রবার তাঁকে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করছেন। হাসপাতাল সূত্রে খবর, পেটের সিটি স্ক্যানে আপাতত উদ্বেগজনক কিছু ধরা পড়েনি। শনিবার সন্ধ্যায় মীরা ভট্টাচার্যকে দেখতে হাসপাতালে পৌঁছন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মীরার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন তিনি। এরপর চিকিৎসকদের সঙ্গে কথা বলে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন।

চিকিৎসকদের কাছ থেকে যখন জানতে পারেন মীরা ভট্টাচার্যের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল, তখনই আবেগপ্রবণ হয়ে পড়েন শুভেন্দু অধিকারী। হাসপাতাল সূত্রের দাবি, মীরা ভালো আছেন শুনে আনন্দে তাঁর চোখে জল চলে আসে। শুধু শারীরিক অবস্থার খোঁজ নেওয়া নয়, মীরার কাছে নিজের জন্য আশীর্বাদও চান মুখ্যমন্ত্রী। রাজ্যের জন্য ভালো কাজ করতে পারেন—এই আশীর্বাদই নাকি চেয়েছেন তিনি। দীর্ঘদিনের পরিচয়ের জায়গা থেকেই এই সাক্ষাৎ অন্য মাত্রা পেয়েছে।

বুদ্ধদেব ভট্টাচার্য ও মীরা ভট্টাচার্যের সঙ্গে শুভেন্দু অধিকারীর পরিচয় দীর্ঘদিনের। রাজনৈতিক মতাদর্শে পার্থক্য থাকলেও ব্যক্তিগত সম্পর্কের জায়গায় যে আলাদা সমীকরণ রয়েছে, এই সাক্ষাৎ যেন তারই ছবি তুলে ধরল। বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যে শিল্পায়নের উপর জোর দিয়েছিলেন। তরুণ প্রজন্মের কর্মসংস্থানের জন্য শিল্পের প্রয়োজনীয়তার কথা বারবার বলেছিলেন তিনি। বর্তমান সরকার শিল্পের ক্ষেত্রে যে পদক্ষেপগুলি করেছে, সেগুলির কথাও মীরা ভট্টাচার্য শুনেছেন বলে জানা গিয়েছে। একসময় তিনি শুভেন্দু অধিকারীর উপর আস্থার কথাও প্রকাশ করেছিলেন।

বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর পর মীরা ভট্টাচার্যের নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হয়েছিল। এরপর বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তাঁর নিরাপত্তা ফেরানোর সিদ্ধান্ত নেয়। সেই সময় মীরা জানিয়েছিলেন, নিজের নিরাপত্তা নিয়ে তাঁর বিশেষ মাথাব্যথা নেই। তবে নতুন মুখ্যমন্ত্রী তাঁর কথা ভেবে সিদ্ধান্ত নিয়ে থাকলে সেটিকে তিনি সৌভাগ্য হিসেবেই দেখছেন। রাজনীতির ময়দানে মতের পার্থক্য থাকতেই পারে। কিন্তু অসুস্থ মীরাকে দেখতে হাসপাতালে গিয়ে শুভেন্দু অধিকারীর আবেগ, তাঁর হাতজোড় করে আশীর্বাদ চাওয়া এবং মীরার সুস্থতার খবর শুনে চোখে জল এই মুহূর্ত যেন রাজনীতির গণ্ডি ছাপিয়ে এক মানবিক সম্পর্কের ছবিই সামনে আনল। এই মুহূর্তে মীরা ভট্টাচার্যের শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই হাসপাতাল সূত্রে খবর। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *