‘বাঙালিরা কি ছট পুজো করেন না?’ ভাটপাড়ার মঞ্চ থেকে বিভাজনের রাজনীতির বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

বাঙালি ও অবাঙালি বিভাজনের রাজনীতি কোনওভাবেই সফল হবে না। ভাষার তফাত দেখিয়ে হিন্দু সমাজকে ভাগ করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু সেই চেষ্টা মানুষ মেনে নেবেন না। উত্তর ২৪ পরগনার ভাটপাড়া ও জগদ্দলের জলেবি মাঠে ছটপুজোর অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর প্রশ্ন, বাঙালিরা কি ছটপুজো করেন না? ছটের আনন্দে বাঙালি-অবাঙালি নির্বিশেষে সকলেই সামিল হন বলে দাবি করেন তিনি। একইসঙ্গে ছটপুজো, রামনবমী, গণপতি উৎসব থেকে শুরু করে দুর্গাপুজো ও কালীপুজোর প্রসঙ্গ তুলে রাজ্যের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশ নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী।

বাঙালি ও অবাঙালি বিভাজনের প্রসঙ্গে সরাসরি আক্রমণ শানিয়ে শুভেন্দু বলেন, ভাষার পরিচয়কে সামনে রেখে সমাজে বিভেদ তৈরির চেষ্টা করা হচ্ছে। কিন্তু এই বিভাজনের রাজনীতি সফল হবে না। তাঁর বক্তব্য, হিন্দু সমাজকে আর বিভক্ত করা যাবে না। এ প্রসঙ্গে কাশ্মীরের পণ্ডিত এবং বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রসঙ্গও তুলে ধরেন তিনি। তাঁর দাবি, দেশের নিরাপত্তা এবং হিন্দুদের সুরক্ষার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্ব প্রয়োজন।

আঞ্চলিক উৎসব নিয়ে অতীতের বিতর্কের প্রসঙ্গও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, একসময় প্রশ্ন উঠত, রামনবমীর মিছিল উত্তরপ্রদেশের বিষয় হলে বাংলায় কেন হবে? আবার গণপতি উৎসব মহারাষ্ট্রের উৎসব হলে পশ্চিমবঙ্গে এত গণেশ পুজো কেন হবে, সেই প্রশ্নও তোলা হত। কিন্তু এখন মানুষ সেই পুরনো ধারণা ভেঙে দিয়েছেন। উদাহরণ হিসেবে তিনি জানান, চলতি বছর পশ্চিমবঙ্গে প্রায় ৩০ হাজার গণপতি উৎসব পালিত হয়েছে। তাঁর বক্তব্য, উৎসবের কোনও নির্দিষ্ট আঞ্চলিক সীমানা থাকতে পারে না।

এদিনের মঞ্চ থেকে আগের সরকারের আমলে ঘটে যাওয়া একটি ঘটনারও সমালোচনা করেন শুভেন্দু। গত বছর গঙ্গাসাগরের কাকদ্বীপের সূর্যনগরে মা কালীর প্রতিমা পুলিশের প্রিজন ভ্যানে তোলার ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এই ঘটনার জন্য আগের সরকারকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, যাঁদের ইশারায় ওই ঘটনা ঘটেছিল, তাঁদের এবার মা কালী নিজের শক্তি দেখিয়ে দিয়েছেন। মহালয়ার দিন তাঁদের দিল্লি পুলিশের প্রিজন ভ্যানে উঠতে হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তাঁর এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।

জাতীয় রাজনীতির প্রসঙ্গেও একাধিক মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাবা-মাকে নিয়ে অপমানজনক মন্তব্যের প্রসঙ্গ তুলে তিনি উত্তরপ্রদেশের আগামী নির্বাচনে সংশ্লিষ্টদের রাজনৈতিকভাবে পরাজিত করার ডাক দেন। একইসঙ্গে মোদীর অবসর বা রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চলা জল্পনাও খারিজ করে দেন শুভেন্দু। তাঁর দাবি, মোদী কোথাও যাচ্ছেন না। তিনি দেশকে বিকশিত করার লক্ষ্যে কাজ চালিয়ে যাবেন এবং ভারতকে বিশ্বগুরুর আসনে প্রতিষ্ঠা করবেন।

এদিন রাজ্যের পুজোর পরিসংখ্যানও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন , একটি পুজো কমিটিকেও অনুমতির জন্য কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হতে হয়নি বলেও দাবি করেন তিনি।

সব মিলিয়ে ছটপুজোর মঞ্চকে কেন্দ্র করে ধর্মীয় উৎসব, সামাজিক ঐক্য এবং জাতীয় রাজনীতির একাধিক বিষয় তুলে ধরলেন শুভেন্দু অধিকারী। ভাষা ও আঞ্চলিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যের বার্তা দিলেও তাঁর বক্তব্যের বিভিন্ন রাজনৈতিক মন্তব্য ঘিরে বিতর্কের সম্ভাবনাও তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *