মোদির নজরে বাংলার নতুন সরকার! বাংলার নতুন সরকারের কাজকর্ম নিয়ে এবার কি সরাসরি খোঁজ নিতে চলেছেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলা সফর ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। সূত্রের খবর, আগামী ২১ নভেম্বর কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী। সকাল ৯টা ৫০ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে তাঁর অবতরণের কথা রয়েছে। এরপর সেখান থেকে তিনি যাবেন কলকাতায় আয়োজিত সরকারি অনুষ্ঠানে। সেই মঞ্চ থেকেই একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এই সরকারি অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। পাশাপাশি উপস্থিত থাকতে পারেন রাজ্যসভার সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যও।

তবে এই সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হতে পারে সরকারি অনুষ্ঠানের পরবর্তী রাজনৈতিক আলোচনা। সূত্রের খবর, রাজ্য বিজেপির নেতাদের সঙ্গে আলাদা করে কথা বলতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশেষ করে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সরকারের কাজকর্ম কতটা এগিয়েছে, সাধারণ মানুষের কাছে সরকারি প্রকল্পের সুবিধা কতটা পৌঁছেছে, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হতে পারে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছ থেকে রাজ্যের বর্তমান পরিস্থিতি, সরকারের বিভিন্ন উদ্যোগ এবং আগামী দিনের পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানতে চাইতে পারেন প্রধানমন্ত্রী।

বিরোধী আসনে থাকার সময় বিজেপির নেতারা বারবার দাবি করেছিলেন, কেন্দ্রে এবং রাজ্যে একই দলের সরকার থাকলে উন্নয়নের গতি আরও বাড়বে। কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয় তৈরি হলে সাধারণ মানুষ আরও বেশি সরকারি পরিষেবা ও প্রকল্পের সুবিধা পাবেন।
এবার রাজ্যে বিজেপির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর সেই ডবল ইঞ্জিন সরকারের প্রতিশ্রুতি বাস্তবে কতটা কার্যকর হচ্ছে, তার দিকেও নজর রয়েছে রাজনৈতিক মহলের।
কেন্দ্রের প্রকল্পের পাশাপাশি রাজ্য সরকারের নিজস্ব উদ্যোগ কতটা সফল হচ্ছে, উন্নয়নের কাজ কতদূর এগিয়েছে, মানুষের কাছে সরকারের পরিষেবা কতটা পৌঁছেছে এই বিষয়গুলিই প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বিশেষ গুরুত্ব পেতে পারে।সব মিলিয়ে আগামী ২১ নভেম্বর বাংলার রাজনৈতিক ও প্রশাসনিক মহলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন হতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *