ছটপুজোকে নাটক বলেছিলেন রাহুল গান্ধী! পুরনো ভিডিও ঘিরে নতুন করে তোলপাড় জাতীয় রাজনীতি। ছটপুজোর আবহেই কংগ্রেস নেতাকে নিশানা বিজেপির। হিন্দুদের ভাবাবেগে আঘাত করার অভিযোগ তুলে এবার প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি। কিন্তু সত্যিই কি ছটপুজোকে নাটক বলেছিলেন রাহুল? নাকি প্রধানমন্ত্রীর একটি বিশেষ পদক্ষেপকে কটাক্ষ করতে গিয়ে তাঁর বক্তব্যের একাংশ তুলে ধরে রাজনৈতিক বিতর্ক তৈরি করা হচ্ছে?
বিহার-সহ দেশের বিভিন্ন প্রান্তে যখন ছটপুজোর আনন্দে মেতেছেন ভক্তরা, তখনই রাহুল গান্ধীর একটি ১৯ সেকেন্ডের ভিডিও প্রকাশ্যে আনেন বিজেপি মুখপাত্র প্রদীপ ভাণ্ডারী। ভিডিওতে রাহুলকে বলতে শোনা যাচ্ছে, প্রধানমন্ত্রীকে যদি নাটক করতে হয়, তাহলে ছটপুজোর নাটক করতে হয়। এই বক্তব্যের অংশটুকু তুলে ধরেই রাহুলকে আক্রমণ বিজেপির।
প্রদীপ ভাণ্ডারীর অভিযোগ, হিন্দুদের উৎসব নিয়ে বরাবরই সমস্যা রাহুল গান্ধীর। কখনও ছটপুজো, কখনও দীপাবলি। তাঁর দাবি, গোটা দেশ যখন ছটি মাইয়ার কাছে মাথা নত করছে, তখন রাহুল ছটপুজোকে নাটক বলছেন। কংগ্রেস যদি সত্যিই হিন্দুদের ধর্মীয় ভাবাবেগকে সম্মান করে, তাহলে রাহুল গান্ধীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
কিন্তু এই বিতর্কের পিছনে রয়েছে অন্য একটি কাহিনি। বিজেপির পোস্ট করা ভিডিওটি ২০২৫ সালের। সেই সময় যমুনার ভয়াবহ দূষণ নিয়ে সরব হয়েছিল বিরোধীরা। দূষিত যমুনায় ছটপুজো করতে গিয়ে সমস্যায় পড়েছিলেন পুণ্যার্থীরাও। সেই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যমুনায় নামা এবং ছটপুজোর ডালা সাজানোর দৃশ্য ঘিরেও তৈরি হয়েছিল রাজনৈতিক বিতর্ক।
প্রধানমন্ত্রীর সেই পদক্ষেপকেই নাটক বলে কটাক্ষ করেছিলেন বিরোধীরা। বিহারে নির্বাচনী প্রচারে গিয়ে রাহুল গান্ধীও সেই প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন। অর্থাৎ, রাহুলের বক্তব্যের নিশানা ছিল প্রধানমন্ত্রীর যমুনায় নামার ঘটনাটি। ছটপুজোর ধর্মীয় আচারকে সরাসরি কটাক্ষ করেছিলেন কি না, তা নিয়ে উঠছে প্রশ্ন।অভিযোগ, সেই দীর্ঘ বক্তব্যের একটি ছোট অংশই তুলে ধরে নতুন করে বিতর্ক তৈরি করেছে বিজেপি। ফলে ১৯ সেকেন্ডের ভিডিও ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। একদিকে বিজেপির দাবি, হিন্দুদের ভাবাবেগে আঘাত করেছেন রাহুল। অন্যদিকে ভিডিওর প্রেক্ষাপট সামনে এনে পালটা প্রশ্ন তুলছে বিরোধীরা।
ছটপুজোর মতো আবেগের উৎসবকে ঘিরে এবার রাজনৈতিক তরজা তুঙ্গে। কিন্তু প্রশ্ন একটাই, রাহুলের বক্তব্যের সম্পূর্ণ প্রেক্ষাপট না দেখেই কি তাঁকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে? নাকি বিজেপির অভিযোগের পিছনে রয়েছে আরও বড় রাজনৈতিক বার্তা? পুরনো ভিডিও ঘিরে নতুন বিতর্কে এখন সরগরম জাতীয় রাজনীতি।
