সরকারি প্রকল্পের সুবিধা পেতে এবার আর এক দফতর থেকে অন্য দফতরে ছুটতে হবে না। আপনার এলাকার কাছেই বসছে সেবা সেতু অভিযান শিবির। ২ অক্টোবর থেকে শুরু হয়ে এই বিশেষ শিবির চলবে ৪ অক্টোবর পর্যন্ত। অর্থাৎ টানা তিন দিন সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে বিভিন্ন সরকারি পরিষেবা এবং প্রকল্পের সুবিধা। জানা গিয়েছে, ব্লক ও পুরসভা স্তর মিলিয়ে রাজ্যজুড়ে প্রায় ৩৩০০টি শিবির চালু করা হবে। একটি শিবির থেকেই প্রায় ৬০টি সরকারি প্রকল্পের পরিষেবা পাওয়ার সুযোগ থাকবে। শিবির চলবে সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত।
আপনি যদি অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়ার জন্য আবেদন করে থাকেন, কিন্তু এখনও টাকা না পেয়ে থাকেন, তাহলে এই শিবিরে গিয়ে আপনার আবেদনের স্ট্যাটাস সম্পর্কে খোঁজ নিতে পারবেন। এমনকী যারা এখনও আবেদন করতে পারেননি, তাদের জন্যও এই ধরনের শিবির গুরুত্বপূর্ণ হতে পারে। শুধু অন্নপূর্ণা যোজনাই নয়, আয়ুষ্মান কার্ডের স্ট্যাটাসও এই শিবির থেকে অনুসন্ধান করা যাবে। আপনার আবেদন কোথায় আটকে রয়েছে, সুবিধা পাওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা রয়েছে কি না—সেই সংক্রান্ত তথ্য জানার সুযোগ থাকছে।
এই শিবিরে একাধিক রাজ্য ও কেন্দ্রীয় সরকারের জনকল্যাণমূলক প্রকল্পের পরিষেবা পাওয়ার কথা জানানো হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা, শিক্ষাশ্রী, জয় জোহর, পিএম কিসান ক্রেডিট কার্ড, পিএম কিসান স্বনিধি-সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প। এছাড়াও এই ক্যাম্প থেকেই বিধবা ভাতা, বয়স্ক ভাতা এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ভাতার জন্য নতুন ফর্ম দেওয়া হবে বলে জানানো হয়েছে। কলকাতায় প্রতি দুটি ওয়ার্ড পিছু একটি করে সেবা সেতু অভিযান শিবির খোলার কথা জানানো হয়েছে।
হাওড়া পুরনিগমের ৫০টি ওয়ার্ডের ২৬টি জায়গায় এই শিবির বসছে। আপনার বাড়ির কাছের সেবা সেতু অভিযান শিবিরটি কোথায় বসছে, সেটা জানবেন কীভাবে? এর জন্য সংশ্লিষ্ট সরকারি ওয়েবসাইটে গিয়ে শিবিরের তথ্য দেখতে পারবেন। এছাড়াও ফোন করেও বিস্তারিত তথ্য জানতে পারবেন।
হেল্পলাইন নম্বর
1800 345 0117
এবং
033-2214 0152
এই নম্বরে যোগাযোগ করে আপনার এলাকার শিবিরের বিষয়ে তথ্য জানতে পারেন। https:jks.gov.in -ওয়েবসাইটে গিয়েও পেতে পারেন তথ্য।
