২০২৬ সালে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে মোট ৫২৯.৩৮ কোটি টাকা খরচ করেছে বিজেপি। সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, নির্বাচন কমিশনে জমা দেওয়া দলের নির্বাচনী ব্যয়ের হিসাব থেকেই এই তথ্য সামনে এসেছে। এখানেই নয়, সবচেয়ে উল্লেখযোগ্য এই বিপুল খরচের অর্ধেকেরও বেশি খরচ হয়েছে পশ্চিমবঙ্গে। কমিশনের দেওয়া হিসাব অনুযায়ী, বাংলায় বিধানসভা নির্বাচনের জন্য বিজেপি মোট ব্যয় করেছে ২৮৬.৯৯ কোটি টাকা। যা পাঁচ রাজ্যের মোট খরচের প্রায় ৫৪ শতাংশ।
চলতি বছরে অসম, পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে হয়েছে বিধানসভা নির্বাচন। গেরুয়া শিবিরের কেন্দ্রীয় দপ্তর থেকে জমা দেওয়া নথি অনুযায়ী, এই পাঁচ রাজ্যে নির্বাচনের জন্য মোট যে পরিমাণ অর্থ খরচ করা হয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় অংশ ঢালা হয়েছে পশ্চিমবঙ্গের ভোট ক্যাম্পেনে।নির্বাচন কমিশনে দেওয়া হিসাব অনুযায়ী, পশ্চিমবঙ্গে বিজেপি নির্বাচনে প্রচারে ২১৭.১৬ কোটি টাকা খরচ করেছে। এর বাইরে প্রার্থীদের নির্বাচনী খাতে ব্যয় হয়েছে ৬৯.৮৩ কোটি টাকা। এর মধ্যে সরাসরি প্রার্থীদের দেওয়া হয়েছে ৫৮.৮০ কোটি টাকা। অর্থাৎ দলীয় প্রচার এবং প্রার্থী-সংক্রান্ত খরচ মিলিয়ে বাংলায় ভোটের কাজে মোট ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২৮৭ কোটি টাকা।
পাঁচ রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে বিজেপির ব্যয়ের চিত্রেও বহু এগিয়ে বাংলা । অসমে ভোটের কাজে বিজেপি খরচ করেছে ৯৬.২৬ কোটি টাকা, কেরালায় ৮২.৬৭ কোটি, তামিলনাড়ুতে ৫১.৫৬ কোটি এবং পুদুচেরিতে ১১.৮৯ কোটি টাকা। সব মিলিয়ে ৫২৯.৩৮ কোটি টাকার মধ্যে বাংলাতেই খরচ হয়েছে অর্ধেকের বেশি।রাজনৈতিক দলের নির্বাচনী ব্যয়ের মধ্যে সাধারণত সভা-সমাবেশ, প্রচার, বিজ্ঞাপন, যাতায়াত, প্রচারসামগ্রী এবং প্রার্থীদের জন্য বিভিন্ন ধরনের নির্বাচনী সহায়তার খাতে খরচ করে। নির্বাচনের পরে রাজনৈতিক দলগুলিকে নির্বাচন কমিশনের কাছে সেই ব্যয়ের বিস্তারিত হিসাব জমা দিতে হয়। প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের ক্ষেত্রে নির্দিষ্ট সীমা থাকলেও রাজনৈতিক দলের সামগ্রিক নির্বাচনী প্রচারে এমন কোনও নির্দিষ্ট ঊর্ধ্বসীমা নেই।
সব মিলিয়ে, ২০২৬ সালের পাঁচ রাজ্য ও পুদুচেরির বিধানসভা নির্বাচনে বিজেপির মোট ৫২৯.৩৮ কোটি টাকার ব্যয়ের হিসাবের মধ্যে পশ্চিমবঙ্গের জন্য ২৮৬.৯৯ কোটি টাকা খরচের তথ্য বিশেষভাবে নজর কাড়ছে। অর্থাৎ, দলের মোট নির্বাচনী ব্যয়ের অর্ধেকেরও বেশি গিয়েছে বাংলার ভোটপ্রচারে। সভা-সমাবেশ, প্রচার, বিজ্ঞাপন, যাতায়াত থেকে শুরু করে প্রার্থীদের নির্বাচনী সহায়তা বিভিন্ন খাতে এই বিপুল অর্থ ব্যয় হয়েছে বলে কমিশনে জমা দেওয়া হিসাব থেকে জানা যাচ্ছে। ফলে শুধু রাজনৈতিক লড়াই নয়, ২০২৬-এর বাংলার ভোট যে বিজেপির কাছে কতটা বড় নির্বাচনী ক্ষেত্র ছিল, দলের জমা দেওয়া খরচের পরিসংখ্যানেও তারই একটা ছবি উঠে এসেছে।