বিধানসভা নির্বাচনের প্রস্তুতি এখন গোটা বাংলা জুড়ে চলছে। শুরু হয়ে গিয়েছে মনোনয়ন জমা দেওয়ার কর্মসূচিও। এদিকে ‘ফর্ম-৬’ ঘিরে রাজনৈতিক চাপানউতোর ক্রমশ বাড়ছে। দিন কয়েক আগেই তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছিল, ভিনরাজ্যের মানুষদের পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতেই ‘ফর্ম-৬’ জমা দেওয়ার চেষ্টা চলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি তুলেছেন, বিজেপি নিজেদের ভোট সুরক্ষিত করতেই বাইরের ভোটারদের পশ্চিমবঙ্গের ভোটার বানাতে চেষ্টা করছে। আর তাই রাজ্যের নির্বাচনী আধিকারিক তথা সিইও-র দফতরে আসছে বস্তা বস্তা ফর্ম-৬। এর জেরে সিইও দফতরের বাইরে বিজেপি ও তৃণমূলের কর্মী-সমর্থকদের মধ্যে ধুন্ধুমার পরিস্থিতিও তৈরি হয়েছিল। তবে, এহেন সমস্যা মেটাতে রাজ্যের সিইও মনোজ আগরওয়াল ব্যাখ্যা দিয়েছেন।
এদিন মনোজ আগরওয়াল বলেন, সিইও দফতরে অনেক নথিই আসে। তেমনই ফর্ম ৬-ও রয়েছে। এরপর তিনি নিয়ম দেখিয়ে আশ্বস্ত করেন, ফর্ম-৬ জমা করলে কোন ভোটারের নাম উঠবে আর কাদের নাম উঠবে না। তবে, এতেও ক্ষান্ত হয়নি তৃণমূল! তাদের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে বিজেপি ও নির্বাচন কমিশনের গোপন আঁতাতের অভিযোগও সামনে আনা হয়। এমনকি, গত মঙ্গলবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লেখেন এবং তাতেও এই একই বিষয় উল্লেখ করা ছিল বলেই জানা গিয়েছে। না, শাসক দলের এহেন বাড়াবাড়ি আর মুখ বুজে মেনে নিতে পারেনি গেরুয়া শিবির। তাই এক প্রকার বাধ্য হয়েই তারাও মুখ খুলেছে।
সম্প্রতি এ ঘটনা প্রসঙ্গে বিজেপির তরফে তাদের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয়েছে। যেখানে দাবি করা হয়েছে, তৃণমূল নিজের মিথ্যার জালে নিজেই জড়িয়ে গিয়েছে। পাশাপাশি পদ্ম শিবির আরও দাবি করেছে যে, তৃণমূল যে ৭টি ফর্মের ছবি প্রকাশ করেছে, তার মধ্যে ৪টি এমন ব্যক্তির আবেদন যাদের আগেই ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে। তবে, বাকি আবেদনগুলি নতুন ভোটার হিসেবে নাম নথিভুক্ত করার আবেদন। তাছাড়া, ওই সকল আবেদনকারীর পদবি দেখলেই বোঝা যায় তারা বাঙালি। ফলত, এক্ষেত্রে বহিরাগত তকমা পুরোপুরি অপ্রাসঙ্গিক।
বিজেপি আরও দাবি তুলেছে, বাংলার রাজ্য সরকার বাঙ্গালীদের নাম ভোটার তালিকা থেকে কেটে দিতে বেশ সচেষ্ট। আর এখান থেকেই সকলের কাছে স্পষ্ট যে, মমতার সরকার ঠিক কি চায়। অন্যদিকে দলের তরফে করা এক্স হ্যান্ডেলে সেই পোস্ট বিজেপি-র আইটি সেলের প্রধান তথা এ রাজ্যের সহকারী পর্যবেক্ষক অমিত মালব্য নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে শাসক দলের বিরুদ্ধে একই অভিযোগ তুলে ধরেছেন। পাশাপাশি তিনি টেনিস তারকা লিয়েন্ডার পেজ়ের প্রসঙ্গও তুলেছেন এদিন। তার অভিযোগ, পেজ়কেও বহিরাগত বলা হয়েছে। যদিও চলতি সপ্তাহের মঙ্গলবারই তিনি দিল্লিতে আনুষ্ঠানিকভাবে পদ্ম শিবিরে যোগ দিয়েছেন। তবে, আপাতত এই ফর্ম-৬ নিয়ে চলা জল্পনা, তোপ দাগাদাগির জল কতদূর গড়ায়, তা তো সময়েই দেখা যাবে।
