মমতা, হিমন্ত নাকি যোগী?২০২৬-এর সমীক্ষা, চমকে দেবে প্রথম নাম!সমীক্ষার ফলাফল সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক মহলে আলোচনা

দেশের সেরা মুখ্যমন্ত্রী কে? এই প্রশ্নকে সামনে রেখেই প্রকাশ্যে এসেছে ফেম ইন্ডিয়া ম্যাগাজিন এবং এশিয়া পোস্টের যৌথ উদ্যোগে পরিচালিত শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী সমীক্ষা ২০২৬-এর ফলাফল। আর এই সমীক্ষায় সকলকে পিছনে ফেলে দেশের এক নম্বর মুখ্যমন্ত্রীর স্থান দখল করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ১০০০-এর মধ্যে ৮৯৭ নম্বর পেয়ে তালিকার শীর্ষে রয়েছেন তিনি। তাঁর নেতৃত্ব, প্রশাসনিক দক্ষতা, জনপ্রিয়তা এবং কার্যপদ্ধতির মূল্যায়নের ভিত্তিতেই এই অবস্থান বলে জানানো হয়েছে।

এবার প্রশ্ন হচ্ছে, কীভাবে নির্ধারণ করা হল দেশের সেরা মুখ্যমন্ত্রীকে? জানা যাচ্ছে, মোট দশটি গুরুত্বপূর্ণ মাপকাঠির ভিত্তিতে মুখ্যমন্ত্রীদের মূল্যায়ন করা হয়েছে। সেগুলি হল, সুশাসন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ব্যক্তিত্ব, ভাবমূর্তি, কর্মদক্ষতা, প্রভাব, প্রশাসনিক বিষয়ে ধারণা, জনপ্রিয়তা, কার্যপদ্ধতি, ভবিষ্যৎ পরিকল্পনা ও দূরদর্শিতা। এই সমস্ত বিষয় বিবেচনা করেই মুখ্যমন্ত্রীদের নম্বর দেওয়া হয়েছে। যোগী আদিত্যনাথের নাম এই তালিকার শীর্ষে উঠে আসতেই স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে তৈরি হয়েছে আলোচনা।

উত্তরপ্রদেশ দেশের অন্যতম বড় রাজ্য। বিপুল জনসংখ্যা, আইনশৃঙ্খলা, পরিকাঠামো উন্নয়ন এবং প্রশাসনিক ব্যবস্থাপনার মতো একাধিক বড় চ্যালেঞ্জ সামলাতে হয় এই রাজ্যকে। সেই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে যোগী আদিত্যনাথের নেতৃত্বকে এই সমীক্ষায় সর্বোচ্চ নম্বর দেওয়া হয়েছে। ফেম ইন্ডিয়া ম্যাগাজিনের মতে, যে কোনও রাজ্যের প্রশাসনিক এবং উন্নয়নমূলক নেতৃত্বে মুখ্যমন্ত্রীরা সবচেয়ে গুরুত্বপূর্ণ সংযোগসূত্র। তাঁদের সিদ্ধান্ত, আইন শৃঙ্খলা, উন্নয়ন সমস্ত নাগরিকদের প্রভাবিত করে। আর সেই সমস্ত ফ্যাক্টরের ওপর ভিত্তি করেই এই পরিসংখ্যান। যদিও এই তালিকায় বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও স্থান নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *