পরিযায়ী শ্রমিকদের জন্য এবার বিশেষ নজর রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের। রাজ্যের ২২টি জেলায় চিহ্নিত পরিযায়ী শ্রমিক পরিবারগুলিকে গ্রামীণ কর্মসংস্থানের আওতায় আনতে শুরু হচ্ছে বিশেষ অভিযান। সম্প্রতি জেলাশাসক-সহ জেলার শীর্ষ আধিকারিকদের কাছে নির্দেশিকা পাঠিয়েছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর। চিহ্নিত প্রতিটি পরিযায়ী শ্রমিক পরিবারের সদস্যদের গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড, অর্থাৎ GRGC-এর আওতায় আনতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। যাঁদের ইতিমধ্যেই কার্ড দেওয়া হয়েছে, সেই কার্ড ঠিকঠাক রয়েছে কি না, তা যাচাই করতে হবে। আর যাঁদের এখনও কার্ড হয়নি, তাঁদের দ্রুত কার্ড দেওয়ার ব্যবস্থা করতে হবে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, শুধু হাতে কার্ড তুলে দিলেই দায়িত্ব শেষ নয়। কার্ড পাওয়ার পর সংশ্লিষ্ট পরিবারের যোগ্য প্রাপ্তবয়স্ক সদস্যরা যাতে প্রকল্পের আওতায় কাজের দাবি জানাতে পারেন এবং মজুরি-ভিত্তিক কর্মসংস্থান পান, জেলা প্রশাসনকে তা নিশ্চিত করতে বলা হয়েছে। নির্দেশিকায় ১২৫ দিনের মজুরি-ভিত্তিক কর্মসংস্থানের নিশ্চয়তার কথাও বলা হয়েছে। এর ফলে একদিকে গ্রামীণ পরিবারের জীবিকার নিরাপত্তা বাড়বে, অন্যদিকে কাজের জন্য ভিনরাজ্যে পাড়ি দেওয়ার প্রবণতাও কিছুটা কমানো সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। এই বিশেষ অভিযান চালানো হবে শ্রম দফতরের কাছে থাকা পরিযায়ী শ্রমিক পরিবারের জেলা-ভিত্তিক তথ্যের ভিত্তিতে। লক্ষ্য একটাই চিহ্নিত সমস্ত পরিযায়ী শ্রমিক পরিবারকে ১০০ শতাংশ কার্ডের আওতায় আনা।
কোন জেলায় কতজন পরিযায়ী শ্রমিক চিহ্নিত হয়েছেন?
সবচেয়ে বেশি সংখ্যক চিহ্নিত পরিযায়ী শ্রমিক রয়েছেন মুর্শিদাবাদে—৩ লক্ষ ৮৬ হাজার ১৯১ জন। এরপরেই রয়েছে মালদহ—২ লক্ষ ৮৬ হাজার ৩২৯ জন। তৃতীয় স্থানে কোচবিহার—১ লক্ষ ৪৪ হাজার ৯১৬ জন। এছাড়াও পশ্চিম মেদিনীপুরে রয়েছেন ১ লক্ষ ৬৮ হাজার ৫৭০ জন, নদিয়ায় ১ লক্ষ ৬১ হাজার ৯০৮ জন, পূর্ব মেদিনীপুরে ১ লক্ষ ৫৭ হাজার ৩৭৬ জন এবং দক্ষিণ ২৪ পরগনায় ১ লক্ষ ৫০ হাজার ৯৮৭ জন চিহ্নিত পরিযায়ী শ্রমিক। উত্তর দিনাজপুরে এই সংখ্যা ১ লক্ষ ২০ হাজার ১৬০ জন এবং উত্তর ২৪ পরগনায় ১ লক্ষ ২৭ হাজার ৯৩৬ জন। পূর্ব বর্ধমানে রয়েছেন ১ লক্ষ ১২ হাজার ৪৫২ জন এবং বীরভূমে ৯৫ হাজার ৯৪৬ জন। অন্যদিকে, তালিকায় সবচেয়ে কম সংখ্যক চিহ্নিত পরিযায়ী শ্রমিক রয়েছেন কালিম্পংয়ে—৩ হাজার ৪৩৫ জন। আর পশ্চিম বর্ধমানে চিহ্নিত পরিযায়ী শ্রমিকের সংখ্যা ৩ হাজার ৮৬০ জন।
সরকারি তথ্য অনুযায়ী, এই ২২টি জেলায় মোট চিহ্নিত পরিযায়ী শ্রমিকের সংখ্যা ২২ লক্ষ ২৪ হাজার ৬০ জন। এখন নজর থাকবে, বিশেষ অভিযানের মাধ্যমে এই বিশাল সংখ্যক শ্রমিক পরিবারের কতজন দ্রুত রোজগার গ্যারান্টি কার্ডের আওতায় আসেন এবং কার্ড পাওয়ার পর বাস্তবে কতজন মজুরি-ভিত্তিক কাজ পান। ভিনরাজ্যে কাজের জন্য পাড়ি না দিয়ে নিজের রাজ্যেই যদি নিয়মিত কাজের সুযোগ তৈরি হয়, তাহলে বদল আসতে পারে লক্ষ লক্ষ গ্রামীণ পরিবারের জীবনে।