যে পুণ্যভূমির কথা স্মরণ করলেই উচ্চারিত হয় “সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার”— সেই পবিত্র সাগরের বুকেই এবার রচিত হতে চলেছে এক নতুন আধ্যাত্মিক ইতিহাস! প্রভু শ্রীরামচন্দ্রের দর্শনে আর শুধু অযোধ্যা কিংবা উত্তর ভারতে পাড়ি দিতে হবে না; এবার খাস বাংলার গঙ্গাসাগরের পুণ্যভূমিতেই মাথা তুলে দাঁড়াতে চলেছে শ্রীরামলালার সুবিশাল ও নান্দনিক মন্দির! মন্দির প্রতিষ্ঠার সেই স্বপ্নপূরণের পথে এবার এক বিরাট মাইলফলক স্পর্শ করল সাগরদ্বীপের বামনখালি রামলালা কমিটি। রাজস্থানের দক্ষ শিল্পীদের হাতে খোদাই করা পাথর ও নিখুঁত কারুকার্যে সুসজ্জিত প্রভু শ্রীরামচন্দ্র এবং পবনপুত্র হনুমানজীর পবিত্র বিগ্রহ এবার এসে পৌঁছাল গঙ্গাসাগরের মাটিতে।
মঙ্গলবার রাজস্থান থেকে সুসজ্জিত যানে করে এই দুই ঐতিহাসিক বিগ্রহ যখন সাগরের বামনখালি এলাকায় এসে পৌঁছায়, তখন সমগ্র এলাকা যেন মুহূর্তে পরিণত হয় এক টুকরো অযোধ্যায়! বিগ্রহের আগমনের খবর বাতাসের গতিতে ছড়িয়ে পড়তেই আশপাশের কয়েক ডজন গ্রাম থেকে ছুটে আসেন হাজার হাজার সনাতনী পুণ্যার্থী। মুহূর্তের মধ্যে বামনখালি বাজার এলাকা রূপ নেয় এক জনসমুদ্রে। শাঁখের আওয়াজ, উলুধ্বনি আর আকাশে-বাতাসে সমবেত কণ্ঠে গর্জে ওঠে “জয় শ্রী রাম” ধ্বনি! দীর্ঘদিনের পুঞ্জীভূত ধর্মীয় আবেগ আর ভক্তির প্রকাশে এক অভূতপূর্ব উৎসবের আবহ তৈরি হয় গোটা সাগরদ্বীপে।
স্থানীয় বাসিন্দাদের সম্পূর্ণ নিজস্ব সদিচ্ছা ও ঐকান্তিক প্রচেষ্টায় এই রামমন্দির প্রতিষ্ঠার মহাপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। কপিল মুনির আশ্রমের পাশাপাশি সাগরের এই পবিত্র মাটিতে যাতে রামলালার নিত্যপূজা ও আরাধনা সম্ভব হয়, তার জন্যই দীর্ঘ সময় ধরে ধাপে ধাপে এগোচ্ছিলেন উদ্যোক্তারা। রাজস্থান থেকে এই সুদৃশ্য মূর্তি দুটি এসে পৌঁছানোয় সেই সংকল্পে যোগ হলো এক ঐতিহাসিক মাত্রা। বর্তমানে বিগ্রহ দুটিকে বামনখালি এলাকার অস্থায়ী বড় মা ও গ্রহরাজ শনিদেবের মন্দিরে পূর্ণ মর্যাদার সাথে রাখা হয়েছে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত দূর-দূরান্ত থেকে ভক্তরা এসে দর্শন করছেন প্রভু রামচন্দ্র ও ভক্ত হনুমানজীকে।
উদ্যোক্তা ও স্থানীয় গ্রামবাসীদের একটাই অটল লক্ষ্য— আর কালক্ষেপ নয়, খুব দ্রুত পূর্ণাঙ্গ মন্দির নির্মাণের কাজ শেষ করে সাগরের এই পবিত্র ভূমিতে রামলালার স্থায়ী প্রাণপ্রতিষ্ঠা সম্পন্ন করা। এই মন্দির শুধু একটি ধর্মীয় স্থাপত্য হিসেবেই নয়, বরং সাগরে আগত দেশ-বিদেশের লক্ষ লক্ষ পুণ্যার্থীর কাছে আরও এক পরম পবিত্র দর্শনীয় ক্ষেত্র হয়ে উঠবে।
কপিল মুনির স্মৃতিবিজড়িত গঙ্গাসাগরে শ্রীরামচন্দ্রের এই মহাজাগরণ স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে— বদলে যাওয়া বাংলার প্রতিটি প্রান্তে আজ সনাতনী সংস্কৃতি ও আধ্যাত্মিক আত্মমর্যাদা কীভাবে নতুন উদ্যমে আপন অধিকার ফিরে পাচ্ছে!