দেশজুড়ে প্রথমবার আয়োজিত সম্পূর্ণ ডিজিটাল জনগণনার প্রথম পর্বে এক অভাবনীয় ও ঐতিহাসিক সাফল্য অর্জন করে গোটা দেশকে পথ দেখাল পশ্চিমবঙ্গ। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে চালিত ‘সেলফ এনুমারেশন’ বা ডিজিটাল স্ব-শুমারি প্রক্রিয়ায় ভারতের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে পেছনে ফেলে তালিকার শীর্ষে স্থান করে নিয়েছে বাংলা। রবিবার রাজ্য সরকারের স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক দফতরের তরফে প্রকাশিত এক আনুষ্ঠানিক পরিসংখ্যানে এই বিরাট প্রশাসনিক সাফল্যের তথ্য নিশ্চিত করা হয়েছে।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ই অগাস্ট পর্যন্ত রাজ্যের মোট ৫৩ লক্ষ ১৩ হাজার ৫৮৯টি পরিবার অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে নিজেদের পরিবারিক তথ্য নথিভুক্ত করেছেন। যার মধ্যে প্রায় ৪৯ লক্ষ ৮৬ হাজারেরও বেশি পরিবারের প্রক্রিয়া ইতিমধ্যে সফলভাবে সম্পূর্ণ হয়েছে এবং বাকি পরিবারগুলির তথ্য যাচাইয়ের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। গত ১লা অগাস্ট মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী আনুষ্ঠানিকভাবে এই ‘সেলফ এনুমারেশন’ প্রক্রিয়ার সূচনা করেছিলেন। তারপর থেকে রাজ্যজুড়ে ব্যাপক প্রচার ও প্রশাসনের সচেষ্ট ভূমিকার ফলস্বরূপ উত্তর ২৪ পরগনা এবং মালদহ জেলা কাজের অগ্রগতিতে তালিকার সবচেয়ে শীর্ষে স্থান করে নিয়েছে।
ভারতে এবারই প্রথম নাগরিকেরা গণনাকারীদের বাড়ি বাড়ি পৌঁছানোর অপেক্ষা না করে, প্রযুক্তি ব্যবহার করে নিজেদের তথ্য নিজেরা নথিভুক্ত করার এই সুযোগ পেয়েছেন। প্রথম ১৫ দিন অর্থাৎ ১ থেকে ১৫ই অগাস্ট পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে বাংলার মানুষের এই ব্যাপক সাড়া দেশজুড়ে নজর কেড়েছে। প্রথম পর্ব সফলভাবে শেষ হওয়ার পর, ১৬ই অগাস্ট থেকে শুরু হয়ে গেছে দ্বিতীয় ধাপ, যেখানে গণনাকারিরা সরাসরি বাড়ি বাড়ি গিয়ে বিস্তারিত ‘পপুলেশন এনুমারেশন’-এর কাজ চালাবেন। তো ভারতের ডিজিটাল বিপ্লবের এই নতুন অধ্যায়ে শীর্ষস্থান দখল করে বাংলা যে প্রশাসনিক ও সামাজিক গণজাগরণে এক অনন্য নজির গড়ল, তা বলাই বাহুল্য।