বাংলায় নির্বাচনের আবহাওয়া তীব্র। আর এই ভোটের ঝড়ো হাওয়াতেই বঙ্গে পা রেখেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। চলতি সপ্তাহের বুধবার পূর্ব বর্ধমানে পৌঁছে গিয়েছিলেন তিনি। কালনা মহকুমার তাঁত শিল্পীদের সঙ্গে এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী এক বিশেষ বৈঠকে উপস্থিত হয়েছিলেন। সেখানে তাদের সঙ্গে কথা বলতে দেখা যায় তাকে এবং তাঁত বোনা শেখার পাশাপাশি শিল্পীদের বিভিন্ন দুরবস্থা ও তাদের অর্থনৈতিক অবস্থা নিয়েও কেন্দ্রীয় অর্থমন্ত্রী আলোচনা করেন। এরপর সেই সভা থেকেই তাঁত শিল্পীদের দুরবস্থা ও রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তোলেন সীতারমণ।
নির্মলা সীতারমণ বলেন, তিনি ২০১৬ সালেও বাংলায় প্রচারে এসেছিলেন। কিন্তু এবার যা দেখছেন, তা পুরোপুরি আলাদা। আগে মানুষ এরকম বলতেন না। তবে, এখন রাজ্যের বাসিন্দারা অনেক বেশি খোলাখুলিভাবে বলছেন যে তারা ভালো নেই। আর সে কারণেই বাংলার মানুষ এখন পরিবর্তনের জন্য মরিয়া হয়ে উঠেছেন। তার দাবি, প্রশাসনের প্রতি সাধারণ মানুষের ক্ষোভ এতটাই বেড়ে গিয়েছে যে, তারা এখন সরাসরি নিজেদের সমস্যার কথা তুলে ধরছেন। এমনকি, আরও উন্নত ও স্বচ্ছ প্রশাসনের দাবিও তুলছেন বলে এদিন দাবি করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। পাশাপাশি তিনি আরও বলেন যে, বিজেপির শীর্ষ নেতারা বাংলায় এলেই সাধারণ মানুষের থেকে যে অবাক করা সাড়া মিলছে, তা সত্যিই বিজেপির জন্য অনুপ্রেরণাদায়ক। আর এসব দেখেই তিনি মনে করেন, মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই বুঝিয়ে দিচ্ছে নবান্নে এবার পরিবর্তনের হাওয়া নিশ্চিত।
এরপর তিনি তাঁত শিল্পী ও চা শ্রমিকদের নিয়েও মুখ খোলেন। তার কথায়, বাংলার বর্তমান রাজ্য সরকার তাঁত শিল্পীদের সুবিধায় কোনও কাজ করেনি। এমনকি, উত্তরবঙ্গের প্রায় ৩ লক্ষ ৭৯ হাজার চা-শ্রমিককেও মমতার সরকার কেন্দ্রীয় সরকারি সুবিধা থেকে বঞ্চিত করে রেখেছে বলেও দাবি তোলেন তিনি। পাশাপাশি সীতারমন অসমের প্রসঙ্গ তুলে বলেন, চা বাগানের গরিব মানুষদের জন্য মোদীজী যে টাকা দিচ্ছেন, অসম সরকার তা নিয়ে কাজে লাগাচ্ছে। যার জন্য সেখানকার গরীব মানুষরা অনেক সুবিধা পাচ্ছেন। কিন্তু এই সরকার তা করছে না বলেই দাবি তোলেন তিনি। এদিকে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর এই বক্তৃতা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বর্ধমানের মতো কৃষিপ্রধান ও গুরুত্বপূর্ণ জেলা থেকে নির্মলা সীতারমণের এই মন্তব্য মানুষের মনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলতে পারে। তাছাড়া, বকেয়া ডিএ নিয়ে যখন সরকারি কর্মচারীরা সুপ্রিম কোর্টে লড়াই করছেন, ঠিক তখনই কেন্দ্রীয় অর্থমন্ত্রীর এমন ‘পরিবর্তন’ বার্তা বিজেপি কর্মীদের আরও কিছুটা বাড়তি অক্সিজেন যোগাতে চলেছে বলেও মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, বাংলায় ঘন ঘন এমন কেন্দ্রীয় মন্ত্রীদের আনাগোনা শুধু রাজনৈতিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি একটি গভীর রাজনৈতিক কৌশলের অংশ হয়ে উঠেছে। গণতান্ত্রিক কাঠামোয় কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখতে আসা স্বাভাবিক প্রক্রিয়া হলেও, নির্বাচনের আগে বা রাজনৈতিক অস্থিরতার সময়ে এই সফরের আধিক্য জনগণের মনে নানা প্রশ্ন তৈরি করেছে। একদিকে শাসক দল একে রাজ্যের অধিকারে হস্তক্ষেপ বা রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দেখছে, অন্যদিকে বিরোধী পক্ষ একে স্বচ্ছতা এবং উন্নয়নের তদারকি হিসেবে দাবি করছে। তবে, রাজনীতির এই দড়ি টানাটানির ঊর্ধ্বে সাধারণ মানুষের চাওয়া খুবই স্পষ্ট। রাজ্যের মানুষ চান, এই সফরগুলি যেন কেবল জনসভা বা সংবাদ সম্মেলনের শিরোনাম না হয়ে দাঁড়ায়। বরং, কেন্দ্রীয় প্রকল্পের সঠিক বাস্তবায়ন, বকেয়া পাওনা মেটানো এবং সাধারণ মানুষের সমস্যার প্রকৃত সমাধানই হওয়া উচিত এই সফরের মূল লক্ষ্য। তবে, দিনশেষে গণতন্ত্রে মানুষের রায়ই শেষ কথা, আর সেই রায় নির্ধারিত হবে প্রতিশ্রুতি ও কাজের বাস্তব প্রতিফলনের ওপর ভিত্তি করেই।
