আর্থিক প্রলোভন কিংবা অন্যান্য কারণে অন্য ধর্মে ধর্মান্তরিত হওয়া মানুষদের পুনরায় সনাতন ধর্মে ফিরিয়ে আনার উদ্দেশ্যে এক বিশাল ও নজিরবিহীন উদ্যোগের পরিকল্পনা সামনে এসেছে। আগামী বছরের জানুয়ারি মাসে বঙ্গজুড়ে মোট ১,০০৮টি স্থানে মহাযজ্ঞ আয়োজন করতে চলেছে একাধিক সনাতনী সংগঠন। আয়োজকদের মূল লক্ষ্য— সনাতন ধর্ম, প্রাচীন বৈদিক ঐতিহ্য এবং ভারতীয় সংস্কৃতির মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার পাশাপাশি ধর্মান্তরিত হওয়া মানুষদের পুনরায় স্বধর্মে ও ভারতীয় সংস্কৃতির মূলধারায় ফিরিয়ে আনা।
বিশেষভাবে উল্লেখযোগ্য যে, এই সুবিশাল কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা সামনে এসেছে আচার্য রামচন্দ্র দাস নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর সাথে সাক্ষাৎ করার ঠিক দু’দিন পরেই। আয়োজকদের তরফ থেকে দাবি করা হয়েছে— বৈদিক মূল্যবোধ, হিন্দুত্ব এবং ভারতীয় সংস্কৃতির ঐতিহ্য রক্ষা সম্পর্কিত যেকোনো জনকল্যাণমুখী ও সামাজিক পদক্ষেপে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী নিজে। এরপর থেকেই রাজ্যজুড়ে এই ১,০০৮টি স্থানে অগ্নিকুণ্ড তৈরি এবং বৈদিক আচার-অনুষ্ঠানের প্রাথমিক প্রস্তুতি জোরকদমে শুরু হয়ে গেছে।
পরিকল্পনা অনুযায়ী, রাজ্যজুড়ে নির্ধারিত এই ১,০০৮টি স্থানে অগ্নিকুণ্ড প্রজ্জ্বলিত করে বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে বিশেষ প্রার্থনা ও দেশরক্ষার অঙ্গীকার নেওয়া হবে। সেই অঙ্গীকারের মাধ্যমেই অন্য ধর্মে ধর্মান্তরিত হওয়া সনাতনী পরিবারের সদস্যদের সম্মান ও নিরাপত্তার সাথে স্বধর্মে ফেরানোর প্রক্রিয়া পরিচালিত হবে। যদিও এই যজ্ঞগুলি ঠিক কোন কোন ব্লকে অনুষ্ঠিত হবে এবং কীভাবে অংশগ্রহণকারীদের তথ্য নথিভুক্ত করা হবে, তা নিয়ে বিস্তারিত গাইডলাইন খুব শীঘ্রই আয়োজকদের তরফে প্রকাশ করা হবে। তো ২০২৭-এর শুরুতে বাংলাজুড়ে এই ১,০০৮টি যজ্ঞ বাস্তবায়িত হলে, তা বঙ্গ রাজনীতি এবং সামাজিক প্রেক্ষাপটে যে এক নতুন ও তাৎপর্যপূর্ণ আলোচনার জন্ম দেবে, তা বলার অপেক্ষা রাখে না।
