পশ্চিমবঙ্গে RSS-এর সাংগঠনিক পরিকাঠামোয় বড়সড় পরিবর্তন। কলকাতার নিউ টাউনের অ্যাকশন এরিয়া 2D-তে তৈরি হয়েছে RSS-এর নতুন দফতর ‘কেশব স্মৃতি’। আগামী ২৬ সেপ্টেম্বর এই নতুন ভবনের উদ্বোধন হওয়ার কথা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন RSS-এর সরকার্যবাহ দত্তাত্রেয় হোসবালে। RSS-এর বক্তব্য, পশ্চিমবঙ্গে সংগঠনের কাজ আগের তুলনায় বেড়েছে। ফলে উত্তর কলকাতার অভেদানন্দ রোডে এতদিন যে ‘কেশব ভবন’ থেকে সাংগঠনিক কাজ চলত, সেখানে জায়গা আর যথেষ্ট হচ্ছিল না।
নতুন অফিসে সেই জায়গার সমস্যা অনেকটাই মিটবে বলে দাবি সংগঠনের। শুধু অফিসের জায়গা নয়, নিউ টাউনের অবস্থানও RSS-এর কাছে গুরুত্বপূর্ণ। কলকাতা বিমানবন্দরের তুলনায় নিউ টাউন কাছাকাছি হওয়ায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা RSS-এর জাতীয় স্তরের নেতাদের যাতায়াত সহজ হবে বলে সংগঠনের দাবি। RSS-এর দাবি, পশ্চিমবঙ্গে মুসলিম সম্প্রদায়ের কিছু স্কলার এবং শিক্ষাবিদও তাদের সঙ্গে যোগাযোগ করছেন। সংগঠনের বক্তব্য অনুযায়ী, RSS-এর সঙ্গে যুক্ত হওয়ার বিষয়ে তাঁদের মধ্যে আগ্রহ দেখা যাচ্ছে। এমনকি এই বিষয়ে নিয়মিত ফোনও আসছে বলে দাবি করা হয়েছে।
RSS ঐতিহাসিকভাবে হিন্দু সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন হিসেবে নিজেদের পরিচয় দিয়ে এসেছে। ১৯২৫ সালে নাগপুরে কেশব বলিরাম হেডগেওয়ার সংগঠনটি প্রতিষ্ঠা করেন। ২০২৫ সালে RSS তার প্রতিষ্ঠার ১০০ বছর পূর্ণ করেছে। আর শতবর্ষের পরের পর্যায়ে RSS এখন বিভিন্ন সামাজিক কর্মসূচি এবং সাংগঠনিক সম্প্রসারণের দিকে জোর দিচ্ছে। RSS-এর নিজস্ব বক্তব্যেও ‘সামাজিক সম্প্রীতি’, ‘সেবা’ এবং সমাজের বিভিন্ন অংশের সঙ্গে যোগাযোগের কথা উঠে এসেছে। সম্প্রতি RSS প্রধান মোহন ভাগবত বিদেশের এক অনুষ্ঠানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সঙ্গে যোগাযোগ এবং সমাজকে ঐক্যের দিকে নিয়ে যাওয়ার কথা বলেছেন। সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গে RSS-এর সাংগঠনিক বিস্তার নিয়ে একাধিক রিপোর্ট সামনে এসেছে। ‘দ্য টেলিগ্রাফ’-এর একটি সাম্প্রতিক প্রতিবেদনে RSS-এর যুব কর্মসূচি এবং নতুন শাখা তৈরির প্রসঙ্গ উঠে এসেছে। সেখানে RSS-এর এক সংগঠকের দাবি উদ্ধৃত করে বলা হয়েছে, মুসলিম-অধ্যুষিত এলাকা থেকেও কিছু মুসলিম যুবক সংগঠনের কার্যকলাপের সঙ্গে যুক্ত হওয়ার বিষয়ে যোগাযোগ করেছেন।
নতুন ভবনে প্রশাসনিক কাজের পাশাপাশি বৈঠক, সাংগঠনিক কর্মসূচি এবং বাইরে থেকে আসা জাতীয় স্তরের নেতাদের থাকার ব্যবস্থাও আরও সহজ হবে বলে RSS সূত্রে জানা যাচ্ছে।