বাংলাতে পরিবর্তনের ঢেউ। ঐতিহাসিকভাবে প্রথমবার সরকার গড়তে চলেছে বিজেপি। এই অভাবনীয় সাফল্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাস ছয়েক আগে করা একটি বিশেষ ভবিষ্যদ্বাণীকেই যেন অক্ষরে অক্ষরে সত্য প্রমাণ করল। ২০২৫ সালের নভেম্বরে। বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ জোটের বিশাল জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিমোদ, গঙ্গা বিহার হয়ে বাংলায় আসে, আর এই জয় বাংলায় আমাদের পথ তৈরি করবে। আজকের এই ফলাফল সেই বক্তব্যকে যেন নতুন অর্থ দিচ্ছে। বিহারের জয়ের পর যে রাজনৈতিক গতি তৈরি হয়েছিল, তার প্রভাব বাংলাতেও পড়েছে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। এই সাফল্যের পেছনে কী কারণ?
প্রথমত, বিজেপির দীর্ঘমেয়াদি সাংগঠনিক শক্তি। গ্রাম থেকে শহর প্রতিটি স্তরে সংগঠন গড়ে তোলার কৌশল কাজ করেছে। দ্বিতীয়ত, তৃণমূল বিরোধী ভোটের একত্রীকরণ। বহু ভোটার পরিবর্তন চেয়েছিলেন, এবং সেই চাহিদাকে বিজেপি সফলভাবে নিজেদের দিকে টানতে পেরেছে। তৃতীয়ত, কেন্দ্রীয় নেতৃত্বের আগ্রাসী প্রচার এবং বার্তা—যা সরাসরি ভোটারদের কাছে পৌঁছেছে। ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে রাজ্য জুড়ে। কলকাতার কালীঘাটে, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন, সেখানে শুরু হয়েছে রাজনৈতিক স্লোগান আর উদযাপন।এই দৃশ্য শুধু একটি নির্বাচনের ফলাফল নয়, এটি ক্ষমতার পালাবদলের উজ্জ্বল দৃষ্টান্ত।
বাংলার রাজনীতির অতীত ট্রেন্ড বলে, পরিবর্তনের নির্বাচনে শাসক শিবির ধুয়েমুছে সাফ হয়ে যায়। এবারেও বিশেষ ব্যতিক্রম হল না। খানিকটা অপ্রত্যাশিতভাবে প্রায় দু’শোর কাছাকাছি আসন নিয়ে বাংলার মসনদে বসতে চলেছে গেরুয়া শিবির। যা শুধু একটি রাজনৈতিক জয় নয়, বরং ভোটারদের মানসিকতার বড়সড় পরিবর্তনের ইঙ্গিত বহন করছে। এই ফলাফল শুধুমাত্র একটি সরকারের পরিবর্তন নয়, বরং প্রশাসনিক দৃষ্টিভঙ্গি, নীতিনির্ধারণ এবং রাজনৈতিক সংস্কৃতির সম্ভাব্য রূপান্তরের দিকেও ইঙ্গিত করছে। দীর্ঘদিনের একটি শক্তিশালী আঞ্চলিক দলের আধিপত্য ভেঙে জাতীয় দলের উত্থান, এটি নিঃসন্দেহে বাংলার রাজনীতিতে একটি যুগান্তকারী মুহূর্ত।
বাংলার এই ফলাফল শুধু রাজ্য রাজনীতিতেই সীমাবদ্ধ থাকবে না। এর প্রভাব পড়তে পারে জাতীয় স্তরেও। বিশেষ করে দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে, যেখানে বিজেপি এখনও নিজেদের শক্ত জমি খুঁজছে, এই জয় কর্মীদের মধ্যে নতুন আত্মবিশ্বাস তৈরি করতে পারে। বিহারের পর বাংলার এই জয় জাতীয় রাজনীতিতে বিজেপির অবস্থানকে আরও মজবুত ভিতের ওপর দাঁড় করিয়ে দিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পূর্ব ভারতের এই সাফল্য ভবিষ্যতে সর্বভারতীয় রাজনীতিতে শক্তির ভারসাম্য বদলে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।