রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর প্রথম শারদোৎসবে বঙ্গবাসীকে উপহার দিতে এক নজিরবিহীন মেগা চমক নিয়ে আসছে ভারতীয় জনতা পার্টি। রাজনৈতিক পটপরিবর্তন ও নব্য বিজেপি সরকারের প্রথম দুর্গাপুজোকে আন্তর্জাতিক ও জাতীয় স্তরে নতুন মাত্রায় পৌঁছে দিতে সরাসরি কলকাতায় পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্র মারফত খবর, মহাষ্টমীর পরম পবিত্র দিনে স্বয়ং প্রধানমন্ত্রী কলকাতায় সশরীরে উপস্থিত থেকে পুষ্পাঞ্জলি অর্পণ করবেন।
বাঙালির শ্রেষ্ঠ উৎসবের মক্কা বলে পরিচিত কলকাতায় প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক ও প্রশাসনিক মহলে চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। প্রস্তাবিত তালিকা অনুযায়ী, মহাষ্টমীর সকালে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র ভবানীপুরের একটি ঐতিহ্যবাহী মণ্ডপে অঞ্জলি দিতে পারেন প্রধানমন্ত্রী। এর পাশাপাশি উত্তর কলকাতার অন্যতম জনপ্রিয় ও হাইপ্রোফাইল পুজোমণ্ডপ সন্তোষ মিত্র স্কোয়ার তথা লেবুতলা পার্কেও তাঁর যাওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে।
উল্লেখ্য, ইউনেস্কো ইতিমধ্যেই কলকাতার দুর্গাপুজোকে ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি’-র মর্যাদায় ভূষিত করেছে। আর রাজ্যের নতুন প্রশাসনিক জমানায় এই উৎসবকে এক নতুন সামাজিক ও রাজনৈতিক পরিচিতি দিতে চায় পদ্ম শিবিরের কেন্দ্রীয় নেতৃত্ব। প্রশাসনিক রুটিন কিংবা প্রোটোকলের বাইরে বেরিয়ে কেবল উৎসবের আমেজে সাধারণ মানুষের কাছাকাছি পৌঁছানোই প্রধানমন্ত্রীর এই পুজো সফরের মূল উদ্দেশ্য বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। তো মহাষ্টমীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বিশেষ পুজো পরিক্রমা বঙ্গ রাজনীতি ও সাধারণ মানুষের উদযাপনে ঠিক কতটা প্রভাব ফেলে, সেদিকেই এখন নজর পুরো রাজ্যের।
