amit shah

সরকারের ১০০ দিন পূর্তির পরই ফের রাজ্যে আসছেন অমিত শাহ! কী বার্তা দিতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী?

রাজ্যে বিজেপি সরকারের ১০০ দিন পূর্ণ হচ্ছে আগামী ১৯ অগাস্ট। আর তার পরের দিনই, অর্থাৎ ২০ অগাস্ট ফের রাজ্যে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর, ২১ এবং ২২ অগাস্ট রাজ্যের শীর্ষ আধিকারিকদের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করতে পারেন তিনি। মূলত সরকারি কর্মসূচিতে যোগ দিতেই অমিত শাহের এই সফর বলে জানা যাচ্ছে। তবে সফরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হতে পারে প্রশাসনিক বৈঠক। সরকারি প্রকল্প থেকে শুরু করে প্রশাসনিক কাজ—গতবার দেওয়া নির্দেশ কতটা বাস্তবায়িত হয়েছে, কোথায় কাজ এগিয়েছে এবং কোথাও কোনও সমস্যা বা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে কি না, তা খতিয়ে দেখতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

এর আগে গত মাসেই তিন দিনের সফরে রাজ্যে এসেছিলেন অমিত শাহ। সেই সফরে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে পৃথক বৈঠক করেন তিনি। প্রশাসনিক কাজকর্ম এবং সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে একাধিক নির্দেশও দিয়েছিলেন। এ বার সেই নির্দেশের বাস্তবায়ন কতটা হয়েছে, তারই পর্যালোচনা হতে পারে শাহের বৈঠকে। পাশাপাশি বিভিন্ন সরকারি প্রকল্পের অগ্রগতি এবং প্রশাসনিক কাজের বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, জাতীয় রাজনীতিতেও অমিত শাহকে ঘিরে তৈরি হয়েছে বিরল মুহূর্ত। এনসিপি নেতা শরদ পাওয়ারের নাতনি সুপ্রিয়া সুলের মেয়ের বিয়ের রিসেপশনে একই ফ্রেমে দেখা গেল অমিত শাহ এবং বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে। সংসদের ভিতরে কিংবা বাইরে, রাজনৈতিক ইস্যুতে দু’জনের তীব্র বাকযুদ্ধের ছবি দেশবাসীর পরিচিত। কিন্তু সেই রাজনৈতিক সংঘাতের বাইরে বিয়ের অনুষ্ঠানে মাত্র কয়েক ফুটের ব্যবধানে হাসিমুখে ধরা দিলেন দু’জন। তবে এখন নজর বাংলায়। ২০ অগাস্ট অমিত শাহের সম্ভাব্য সফর ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক ও প্রশাসনিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। সরকারের ১০০ দিন পূর্তির পর শাহের এই সফর থেকে কী বার্তা আসে, সেদিকেই তাকিয়ে রাজ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *