ভারতীয় সেনাবাহিনীতে ১২ বছর কাজ করার পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ADC হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ঋষভ সিং সাম্বিয়াল। কিছুদিন আগেই পারিবারিক ও ব্যক্তিগত কারণে অবসর নিয়েছেন সেনাবাহিনী থেকে। সুদর্শন, ইউনিফর্মে আরও স্মার্ট, রাষ্ট্রপতির প্রয়োজনে সদা হাজির ঋষভ। নেট দুনিয়ায় মিলেছিল ‘ন্যাশনাল ক্রাশ’-এর তকমাও। সম্প্রতি রাজ শামানি-র পডকাস্টে নিজের সেই অভিজ্ঞতা ও ব্যক্তিগত জীবনের নানা অজানা দিক নিয়ে কথা বলেছেন তিনি। তাঁর বক্তব্যে উঠে এসেছে, রাষ্ট্রপতির ADC-এর দায়িত্ব কতটা কঠিন। এই পেশার জন্য ব্যক্তিগত জীবনে কতটা ত্যাগ স্বীকার করতে হয়। ভিডিয়ো ভাইরাল হওয়ার পর থেকেই তাঁর মহিলা অনুরাগীর সংখ্যাও কম নয়, কিন্তু কেন বিয়ে করেননি ঋষভ? জানিয়েছেন নিজেই।
ঋষভ কথায়, এই চাকরির সবচেয়ে বড় ত্যাগগুলির একটি ছিল তাঁর ব্যক্তিগত জীবন। তিনি জানান, রাষ্ট্রপতির ADC পদে থাকাকালীন বিয়ে করা যায় না। পরিবারের থেকে দূরে থাকা, স্বাভাবিক সামাজিক জীবন থেকে বিচ্ছিন্ন থাকা এবং সবসময় দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকার কারণে সম্পর্ক বা বিয়ের মতো ব্যক্তিগত বিষয়কে সময় দেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। তাই এখনও তিনি অবিবাহিত। তাঁর মতে, এই দায়িত্ব পালনের জন্যই তিনি নিজের শৈশব ও জীবনের একটা বড় অংশ দিয়ে দিয়েছেন।
ঋষভ কখনও ADC হওয়ার পরিকল্পনা করেননি। এমনকী প্রথমে এই পদ সম্পর্কে তাঁর বিশেষ ধারণাও ছিল না। একটি সামরিক মহড়ায় থাকার সময় তাঁর কমান্ডিং অফিসার তাঁকে ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞাসা করেন। শুরুতে এই পোস্টিং নিয়ে তাঁর আগ্রহ ছিল না। কিন্তু পরে বুঝতে পারেন, এই পোস্ট কতটা গুরুত্বপূর্ণ। এরপর দায়িত্ব গ্রহণ করে সম্পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করেন তিনি।
এই কঠিন দায়িত্ব তাঁকে একাকিত্বের মুখোমুখিও করেছে। তবে ঋষভ একাকিত্বকে সবসময় নেতিবাচক ভাবে দেখেন না। বরং নিজের সঙ্গে সময় কাটানোর সুযোগ হিসেবে দেখেন তিনি। প্রতিদিন অন্তত এক ঘণ্টা একা থাকতে পছন্দ করেন, যাতে নিজের সিদ্ধান্ত, শক্তি, দুর্বলতা ও জীবন নিয়ে ভাবতে পারেন। তাঁর মতে, একা থাকা এবং নিঃসঙ্গ থাকা এক বিষয় নয়।
রাষ্ট্রপতির খুব কাছ থেকে কাজ করার অভিজ্ঞতা বাইরে থেকে যতটা সম্মানজনক ও গৌরবের মনে হয়, তার আড়ালে ব্যক্তিগত জীবনের বড় মূল্যও রয়েছে। ঋষভের গল্প সেই অদৃশ্য ত্যাগের কথাই সামনে আনে। ১২ বছর সেনাবাহিনীতে থাকার পর তিনি এখন আগাম অবসর নিয়েছেন। ফলে তাঁর জীবনের সামনে নতুন প্রশ্ন এতদিন দায়িত্বকে প্রথমে রাখার পর এ বার নিজের জন্য কতটা জায়গা তৈরি করতে পারবেন তিনি